লাহোর, ৩ জুন: পহেলগাঁওতে জঙ্গি হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারত। অপারেশন সিন্দুর অভিযানের জেরে কোমড় ভেঙে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বেছে বেছে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরের ফলে কোনও সাধারণ মানুষের প্রাণহানি ঘটেনি। এমনটাই জানিয়েছিল ভারতীয় সেনা। তবে পাকিস্তান এখন এক নতুন দাবি করেছে। যাকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পাকিস্তান একটি ডোসিয়ার প্রকাশ করেছে যা অপারেশন বুনইয়ান আন মারসুসের প্রসঙ্গে তুলে ধরেছে। সেই ডোসিয়ারে দেখানো হয়েছে, ভারত ৯টি নয় আরও সাতটি(মোট ১৬টি) এলাকায় প্রত্যাঘাত করেছে।
ডোসিয়ারে প্রকাশিত একটি ম্যাপে দেখানো হয়েছে, পেশোয়ার, ঝাং, সিন্ধের হায়দরাবাদ, পাঞ্জাবের গুজরাত, বাওয়ালনগর, অ্যাটক ও চরে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। যদিও ভারতের তরফে এই জায়গাগুলির নাম ঘোষণা করা হয়নি। এমনকী পাকিস্তানের প্রকাশিত ডোসিয়ার নিয়েও কিছু বলেনি কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন পাকিস্তান আচমকাই কেন এই তথ্য প্রকাশ করল? বিশেষজ্ঞদের মতে ভারতকে বিশ্বের মঞ্চে কোণঠাসা করতে ইসলামাবাদের এটাই নতুন ছক। কারণ পেশোয়ার, অ্যাটকের মতো জায়গাগুলি এলওসি থেকে ১ হাজার কিমি ও ৭০০ কিমি দূরে অবস্থিত।
এমনকী ওই এলাকাগুলি ঘনবসতিপূর্ণ। পাকিস্তান এই ডোসিয়ার প্রকাশ করে বোঝাতে চাইছে ভারত পাক নাগরিকদের উপরও হামলা চালিয়েছে। যদিও ভারতীয় সেনা বারবার জানিয়েছে, অপারেশন সিন্দুরের ফলে কোনও পাক নাগরিকের ক্ষতি হয়নি। কেবলমাত্র জঙ্গিদের নিকেশ করা হয়েছে। পাক সেনা ভারতে হামলা চালালে তার পাল্টা দিয়েছে সেনাবাহিনী। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। করাচির মালির ক্যান্টনমেন্টে সেনাঘাঁটি লক্ষ্য করেও প্রত্যাঘাত করেছে ভারত। এমনকী ভারতীয় সেনার প্রত্যাঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ১১টি সেনঘাঁটি। তার মধ্যে রয়েছে নুর খান, রাফিকি, মুরিদ, সুক্কুর, পারুর, চুনিয়ান, সারগোদা, রহিম ইয়ার খান, ভোলারি, জ্যাকোবাবাদ ও গুজরানওয়ালা। উপগ্রহ চিত্রেও এই জায়গাগুলির ক্ষয়ক্ষতির ছবি পাওয়া গিয়েছে।
যদিও পাকিস্তান সেটি অস্বীকার করেছে। ইসলামাবাদের প্রকাশিত ডোসিয়ারে দেখানো হয়েছে ভারতের প্রত্যাঘাতের ফলে মাত্র চারটি বায়ুসেনার ঘাঁটির ক্ষতি হয়েছে। যেগুলি হল- মুরিদ, রাফিকি, মাসরুর ও সামুংলি। নতুন করে ডোসিয়ার প্রকাশ করে পাক সরকার গোটা বিশ্বের কাছে ফের করুণা আদায়ের চেষ্টা করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।