Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়া কাপ টি-২০’তে আজ ভারত-পাকিস্তান মহারণ, ফর্মের বিচারে হরমনপ্রীতরাই ফেভারিট

থাইল্যান্ড ও হংকংকে রীতিমতো চুরমার করে এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, থাইল্যান্ডকে কোনোরকমে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রেখেছে পাকিস্তান

এশিয়া কাপ টি-২০’তে আজ ভারত-পাকিস্তান মহারণ, ফর্মের বিচারে হরমনপ্রীতরাই ফেভারিট
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: থাইল্যান্ড ও হংকংকে রীতিমতো চুরমার করে এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, থাইল্যান্ডকে কোনোরকমে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রেখেছে পাকিস্তান। শনিবার হাই-ভোল্টেজ মহারণের আগে ধারে-ভারে অনেক এগিয়ে হরমনপ্রীত কাউর ব্রিগেড। হালফিল পুরুষ বা মহিলা, বহুদলীয় যে কোনো আসরেই এই দু’দেশ মুখোমুখি হচ্ছে। নিশ্চিতভাবে বাণিজ্যের দিকে তাকিয়ে এহেন উদ্যোগ। তবে মাঠের বাইরে যত উন্মাদনা থাক না কেন, বাইশ গজে একপেশেই হচ্ছে ম্যাচগুলো। ভারতের দাপটের সামনে পাকিস্তানের আত্মসমর্পণ হয়ে উঠেছে অঘোষিত নিয়ম। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেও তার ব্যতিক্রম হওয়া কঠিন। কারণ, বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যতই সমস্যার মুখে ফেলুক, এশিয়ায় নীল জার্সিধারীদের আটকানোর মতো কঠিন প্রতিপক্ষ নেই। তবে ক্রিকেট পরম অনিশ্চয়তার খেলা। অঘটন ঘটতেই পারে। দু’বছর আগে যেমন মহিলাদের এশিয়া কাপ ফাইনালেই শ্রীলঙ্কার কাছে বশ মেনেছিল ভারত। ফতিমা সানা বাহিনীও সেই আশা নিয়েই শনিবার নামবে মাঠে।

Advertisement

প্রথম দু’টি ম্যাচেই বড়ো ব্যবধানে জিতেছে ভারত। থাইল্যান্ড ও হংকংয়ের বিরুদ্ধে জয় এসেছে যথাক্রমে ৯৪ ও ১৩৭ রানে। উভয় ম্যাচেই জয়ের ভিত গড়ে দেন ওপেনাররা। প্রথম ম্যাচে শেফালি ভার্মার হাফ-সেঞ্চুরি ভরসা জোগায়। আর হংকং ম্যাচে একাধিক রেকর্ড গড়ে আসে স্মৃতি মান্ধানার সেঞ্চুরি। তবে প্রতীকা রাওয়াল, রিচা ঘোষ, ক্যাপ্টেন হরমনপ্রীতরা দুটো ম্যাচেই ব্যর্থ। ফলে মিডল অর্ডার নিয়ে উদ্বেগ থাকছে। চোটের জন্য জেমাইমা রডরিগেজের অভাব প্রকট। তাঁর জায়গায় তিনে নামা প্রতীকার উপর চাপ তাই বাড়ছে। 
ভারতের বোলিং অবশ্য রীতিমতো শক্তিশালী। পেসার নন্দানি শর্মা দুটো ম্যাচেই সুযোগ কাজে লাগিয়েছেন। নতুন বলে তাঁর সঙ্গী ক্রান্তি গৌড়। তিন স্পিনারকে খেলানো হচ্ছে। তার মধ্যে অলরাউন্ডার দীপ্তি শর্মার ঝুলিতে আপাতত ৬ উইকেট। শ্রী চরণি, প্রেমা রাওয়াতও আছেন উইকেটের মধ্যে। 
এই আবহে পাকিস্তানের মোকাবিলার আগে রীতিমতো আত্মবিশ্বাসী ভারতীয় দল। দীপ্তির কথায়, ‘ব্যাটিং-বোলিং সবেতেই ভারসাম্য রয়েছে দলে। পাকিস্তান ম্যাচের আগে নিজেদের শক্তির জায়গায় ফোকাস রাখছি। আকর্ষণীয় ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।’ উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ঘরানায় শেষ ১৭টি ম্যাচের মধ্যে ১৪টিতেই জিতেছে ভারত। এবছরই টি-২০ বিশ্বকাপে সবুজ জার্সিধারীদের ৬৪ রানে হারিয়েছিলেন হরমনপ্রীতরা। ফলে, ফর্মে তো বটেই, পরিসংখ্যানেও অনেক এগিয়ে টিম ইন্ডিয়া।
 খেলা শুরু রাত ৮টায়। সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

Advertisement
সম্পর্কিত সংবাদ