Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

পুরুষদের হকির শেষ চারে আজ ভারত-পাক মহারণ, সালিমাদের সামনে সোনা জয়ের হাতছানি

দীর্ঘ ৪৪ বছরের খরা কাটানোর হাতছানি। এশিয়ান গেমসে ১৯৮২ সালে শেষবার হকিতে সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল।

পুরুষদের হকির শেষ চারে আজ ভারত-পাক মহারণ, সালিমাদের সামনে সোনা জয়ের হাতছানি
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: দীর্ঘ ৪৪ বছরের খরা কাটানোর হাতছানি। এশিয়ান গেমসে ১৯৮২ সালে শেষবার হকিতে সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। এবার জাপানে সেই সোনালি মুহূর্তের পুনরাবৃত্তির সুযোগ রয়েছে সালিমা তেতেদের সামনে। বুধবার দক্ষিণ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল ভারতের মেয়েরা। নিদেনপক্ষে রুপো নিশ্চিত। তবে আত্মতুষ্টি এড়িয়ে ৪৪ বছরের খরা কাটাতে বদ্ধপরিকর তারা। শুক্রবার ফাইনালে চীনকে হারিয়ে সোনা জেতাই একমাত্র লক্ষ্য তাদের। সফল হলে সোনার পাশাপাশি সরাসরি ২০২৮ লস এঞ্জেলস ওলিম্পিকসের ছাড়পত্রও পেয়ে যাবেন সামিলা-দীপিকারা।

Advertisement

চলতি এশিয়াডের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ভারতের দেশের প্রমীলা ব্রিগেড। রীতিমতো গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তারা। গ্রুপ স্টেজেই ৬৬ বার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে পুল বি’র শীর্ষে থেকে অর্জন করেছে নক-আউটে যোগ্যতা। তবে বুধবার সেমি-ফাইনালে ভারতকে কড়া চ্যালেঞ্জ জানায় দক্ষিণ কোরিয়া। প্রথম দু’টি কোয়ার্টারে গোলের দরজা খোলেনি। ম্যাচে অবশ্য ভারতেরই আধিপত্য ছিল। এই পর্বে ৮টি পেনাল্টি কর্নার আদায় করেন ঈশিকারা। তবে গোল আসেনি। তৃতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক দেখায় ভারতীয় দলকে। অবশেষে ৪৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত লিড। দীপিকার থেকে বল পেয়ে জাল কাঁপান ঈশিকা (১-০)। তিন মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন ক্যাপ্টেন সামিলা (২-০)।
চলতি এশিয়াডে ভারতের পুরুষ হকি দলও দারুণ ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত হরমনপ্রীত সিংরা। ৫ ম্যাচের সবক’টিতেই জিতেছেন তাঁরা। বৃহস্পতিবার সেমি-ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ছন্দ ধরে রেখে সোনার লড়াইয়ে পৌঁছানোই লক্ষ্য কোচ ক্রেগ ফুলটনের ছেলেদের। তবে এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে মিডফিল্ডার রাজকুমার পালের চোট। গেমস থেকেই ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে স্কোয়াডে এসেছেন অভিজ্ঞ নীলকান্ত শর্মা।
 ভারত-পাকিস্তান ম্যাচ শুরু দুপুর ১ টায়। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ