অকল্যান্ড: দুই ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। হিসাব মতো বাকি দু’টি ম্যাচের গুরুত্ব কম শ্রেয়সদের কাছে। তবে অনুশীলনে ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষা অন্য কথা বলছিল। তিলক, বৈভবদের মধ্যে এখনও সাফল্যের খিদে প্রবল। আত্মতুষ্টি যাতে ছেলেদের মনে দাগ কাটতে না পারে, সে ব্যাপারে খুবই সতর্ক কোচ গৌতম গম্ভীর। তাই নেট সেশনে কড়া নজর রেখেছিলেন ব্যাটারদের উপর। বৈভবকে ডেকে টিপস দিতেও দেখা গিয়েছে গম্ভীরকে।
বৃহস্পতিবার ইডেন পার্কে ভারতের অনুশীলনে হাজির ছিলেন শুভমান গিল। তিনি ওয়ান ডে সিরিজের প্রস্তুতিতে মগ্ন। প্র্যাকটিসের ফাঁকে কোচের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। আসলে এবারের নিউজিল্যান্ড সফরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজকেও পাখির চোখ করেছে গম্ভীর ব্রিগেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা জাগিয়ে রাখতে গেলে লাল বলের ক্রিকেটে কিউয়িদের টেক্কা দিতেই হবে। তাই টি-২০ সিরিজের সাফল্য ভারতীয় শিবিরে বয়ে এনেছে বসন্তের হাওয়া। তিলক ভার্মা থেকে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা কিংবা শ্রেয়স আয়ার— সবাই নিজের নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সজাগ। তুলনায় নিউজিল্যান্ড শিবিরকে বেশ ছন্নছাড়া লেগেছে। প্র্যাকটিসে অনেক ক্রিকেটার আসেননি। আসলে ঘরের মাঠে টানা তিন ম্যাচে যেভাবে হারতে হয়েছে, তাতে মনোবল ভাঙাটাই স্বাভাবিক। তারই মধ্যে ভারতের দুর্ধর্ষ ব্যাটিং কীভাবে থামানো সম্ভব, তার উত্তরের খোঁজে ক্যাপ্টেন স্যান্টনার। সিরিজে ব্যবধান কমানোর লক্ষ্যে কিউয়িরা কতটা সফল হয়, সেটাই দেখার।
সাধারণত নিয়মরক্ষার ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন কোচেরা। গম্ভীরের সামনে সেই সুযোগ রয়েছে। তবে অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী গত ম্যাচে ঝড়ের গতিতে রান যোগ করে দলকে জিতিয়েছিলেন। তাঁদেরই ওপেন করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে সঞ্জু খেলবেন তিনে। তিলক ভার্মা, শ্রেয়স আয়াররাও অনেকটাই চাপমুক্ত। চোট সারিয়ে ফেরার জন্য তৈরি ঈশান। আবার ছন্দে থাকা নমন ধীরকেও সুযোগ দিতে পারেন কোচ। তবে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে অনেক বেশি পরিবর্তন দেখা যেতে পারে। অক্ষরকে বসিয়ে কুলদীপ কিংবা বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে। নীতীশ রেড্ডির বিকল্প হতে পারেন শিবম দুবে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের হারানোর কিছু নেই। তবে একাধিক চোট সমস্যার জেরে নতুন মুখ দেখা যেতে পারে একাদশে। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে বড় ভরসা ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস। দুই স্পিনার ব্রেসওয়েল ও স্যান্টনারকে দায়িত্ব নিতে হবে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার।
খেলা শুরু দুপুর ১২-৩০ মিনিটে।
সোনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার।



