Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রোটিয়াদের হেলায় হারাল ভারত, প্রথম টি-২০’তে উজ্জ্বল পান্ডিয়া, দাপট বোলারদেরও

একদিনের সিরিজ দখলের পর টি-২০ সিরিজের শুরুটাও দাপটে করল ভারত। মঙ্গলবার বরাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানের বড়সড় ব্যবধানে বশ মানাল সূর্যকুমার যাদবের দল।

প্রোটিয়াদের হেলায় হারাল ভারত, প্রথম টি-২০’তে উজ্জ্বল পান্ডিয়া, দাপট বোলারদেরও
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কটক: একদিনের সিরিজ দখলের পর টি-২০ সিরিজের শুরুটাও দাপটে করল ভারত। মঙ্গলবার বরাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানের বড়সড় ব্যবধানে বশ মানাল সূর্যকুমার যাদবের দল। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২.৩ ওভারে মাত্র ৭৪ রানে দাঁড়ি পড়ল প্রোটিয়াদের ইনিংসে। এই ফরম্যাটে ম্যান্ডেলার দেশের সর্বনিম্ন স্কোর এটাই। ব্যাটে-বলে অলরাউন্ড অবদানে ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া। মারমার কাটকাট হাফ-সেঞ্চুরির পর একটি উইকেটও নেন তিনি। বৃহস্পতিবার মুল্লানপুরে সিরিজ ২-০ করার লক্ষ্যে নামবে নীল জার্সিধারীরা।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা যদিও ভালো হয়নি। তৃতীয় বলেই ফেরেন শুভমান গিল (৪)। ইডেনে ঘাড়ের চোট পাওয়ার পর এদিনই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল তাঁর। তবে তা সুখের হল না। তুলে মারতে গিয়ে দ্বিতীয় বলেই মিড অফে সহজ ক্যাচ তুললেন। প্রশ্ন উঠছে, সঞ্জু স্যামসনকে বসিয়ে গিলকে ওপেনার বানাতে যাওয়ার খেসারত দলকে গুনতে হচ্ছে না তো!
ক্যাপ্টেন সূর্যও (১২) বেশিক্ষণ থাকেননি। তাঁর আউট প্রায় গিলেরই অ্যাকশন রিপ্লে। দু’জনেই লুঙ্গি এনগিডিকে তুলে মারতে গিয়ে লোপ্পা ক্যাচ দেন। পার্থক্য হল, সূর্যর ক্যাচটা ওঠে মিড অনে। গত ১৫টা ইনিংসে একটাও পঞ্চাশ নেই তাঁর। ম্যাচ জেতানো ইনিংসও উধাও। উদ্বেগ বাড়ছে ‘স্কাই’-এর এমন বেহাল দশায়। 
২.৪ ওভারে ভারতের স্কোর ছিল ১৭-২। সেটাই ৬.৩ ওভারে দাঁড়াল ৪৮-৩। এবার ফিরলেন অভিষেক শর্মা (১৭)। কঠিন পরিস্থিতিতে দলকে টানছিলেন তিলক ভার্মা। এই ফরম্যাটে হাজার রান পূর্ণও করেন। তিলকের একটা ছক্কা গিয়ে লাগে স্টেডিয়ামের ছাদে। কিন্তু এনগিডির তৃতীয় শিকার তিলকই। এরপরই শুরু হার্দিক শো। ২৮ বলে তাঁর নট আউট ৫৯ ভারতের স্কোরকে পৌঁছে দিল ১৭৬ রানে। অন্যথায় দেড়শো নিয়েই ছিল সংশয়। ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। অন্যরা যখন আঠালো পিচে শট নিতে গিয়ে সমস্যায় ভুগছেন, তখন হার্দিক ২১০.৭১ স্ট্রাইক রেটে তাণ্ডব চালালেন। শেষ ছয় ওভারে তাঁর দাপটেই উঠল ৭১ রান। সঙ্গতে থাকলেন অক্ষর প্যাটেল (২৩), শিবম দুবে (১১), জিতেশ শর্মারা (অপরাজিত ১০)।
রান তাড়া করতে নেমে কখনই স্বস্তিতে ছিল না দক্ষিণ আফ্রিকা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। অর্শদীপ সিং (২-১৪) শুরুতে ধাক্কা দিয়েছিলেন। অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীও নিলেন দু’টি করে উইকেট। এই ফরম্যাটে শততম উইকেটও হয়ে গেল ‘বুমবুম’-এর। হার্দিক পান্ডিয়া, শিবম দুবের পকেটেও এল শিকার। প্রোটিয়াদের হয়ে সর্বাধিক ২২ করেন ডিওয়াল্ড ব্রেভিস। অধিনায়ক আইডেন মার্করাম (১৪), ট্রিস্টান স্টাবস (১৪), ডেভিড মিলার (১), কুইন্টন ডি’ককরা (০) ব্যর্থ। 
কুড়ি ওভারের কাপযুদ্ধের মহড়ার শুরুটা দুর্দান্তই হল ভারতের। তবে জয়ের এই সৌরভেও নবীন প্রজন্মের ব্যাটিং চিন্তায় রাখল। হার্দিক না পেটালে যে কী হত, আশঙ্কা থেকেই গেল! 
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৭৫-৬ ( হার্দিক অপরাজিত ৫৯, তিলক ২৬, এনগিডি ৩-৩১)। দক্ষিণ আফ্রিকা ৭৪ (ব্রেভিস ২২, অর্শদীপ ২-১৪)। 
 ভারত ১০১ রানে জয়ী। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ 
ব্যবধানে এগিয়ে  ম্যাচের সেরা: হার্দিক পান্ডিয়া

Advertisement
সম্পর্কিত সংবাদ