অনুভব সেনগুপ্ত, কলকাতা: লড়াইটা অসম ছিল। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব রাঙ্কিংয়ে ছয়ে থাকা ব্রাজিল, অন্যদিকে ফুটবলবিশ্বে ১৩৮ থাকা ভারত। ম্যাচের ৪-০ গোলে হারতেও হল ভারতকে। কিন্তু ৯০ মিনিট মাঠের লড়াই থেকে সরে আসেননি মনবীর সিং, রায়ান উইলিয়ামস, বিজয় বর্গেসরা। ভারতের বিরুদ্ধে প্রথম গোল পেতে মহাশক্তিধর ব্রাজিলকে অপেক্ষা করতে হল ২৯ মিনিট পর্যন্ত। ব্রাজিলের এস্তাভাওয়ের শট ভারতের গোলরক্ষক গুরপ্রিতের হাতে লেগে গোলে ঢুকে যায়। এরপর ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় গোল ব্রাজিলের। পেড্রোর নির্বিষ গোলমুখি শটেও প্রথম গোলের মতোই ক্ষমার অযোগ্য ভুল করে বসেন গুরপ্রিত। তাঁর হাতে লেগে বল জড়িয়ে যায় জালে। গুর্খৃতের আত্মবিশ্বাস এতটাই তলানিতে এসে পৌঁছায় যে প্রথমার্ধের শেষে তাঁর বদলে প্রভসিমরণ গিলকে নামান ভারতীয় কোচ খালির জামিল।



