Bartaman Logo
১০ জুন, ২০২৬

দূষণের নিরিখে বিশ্বের ২০টি  শহরের মধ্যে ১৩টিই ভারতের, জানাল আন্তর্জাতিক সংস্থা

শীতকালে দিল্লির বাতাসের গুণগতমান খুবই খারাপ পর্যায়ে পৌঁছয়

দূষণের নিরিখে বিশ্বের ২০টি  শহরের মধ্যে ১৩টিই ভারতের, জানাল আন্তর্জাতিক সংস্থা
  • ১১ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১১ মার্চ: দিল্লিতে ভালোভাবে শ্বাস নিতে পারে না মানুষ। শীতকালে দিল্লির বাতাসের গুণগতমান খুবই খারাপ পর্যায়ে পৌঁছয়। তবে সেটি কতটা খারাপ হয় তার উত্তর পাওয়া গিয়েছে। বিশ্বের সবথেকে দূষিত ২০টি শহরের মধ্যে ১৩টিই ভারতের। সেই তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। উল্লেখযোগ্যভাবে দিল্লির সঙ্গে এই তালিকায় উঠে এসেছে অসমের বিরনিহাটের নাম। আজ, মঙ্গলবার বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের দূষণের মান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সুইৎজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ার। তাতে দেখা গিয়েছে দিল্লির বাতাসের গুণগত মান সবচেয়ে খারাপ। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর দিল্লি। তবে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে এই সংস্থা। ২০২৩ সালে বিশ্বের সবথেকে দূষিত দেশের তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত। এদিনের রিপোর্টে দেখা গিয়েছে সেটিতে দুই ধাপ নেমে পঞ্চম স্থানে রয়েছে ভারত। কেন ভারতে বাতাসের গুণগতমান এত খারাপ হচ্ছে? তার উত্তর দিয়েছে আইকিউএয়ার। তারা জানিয়েছে, গত বছরের তুলনায় বর্তমানে ভারতের বাতাসে পিএম২.৫-এর ঘনত্ব ৭ শতাংশ কমেছে। ২০২৩ সালে এর পরিমাণ প্রতি কিউবিক মিটারে ছিল ৫৪.৪ মাইক্রোগ্রাম। এখন এই পরিমাণ ৫০.৬ মাইক্রোগ্রাম। কিন্তু দিল্লিতে এর পরিমাণ অনেকটাই বেশি। প্রতি কিউবিকমিটারে ৯১.৬ মাইক্রোগ্রাম। এই কারণেই দিল্লির বাতাস এতটা দূষিত। দিল্লিতে ২০২৩ সালে এর পরিমাণ ছিল প্রতি কিউবিকমিটারে ৯২.৭ মাইক্রোগ্রাম। বাতাসে দূষণের ফলে ভারতীয়দের গড় আয়ু ৫.২ বছর করে কমছে। যা উদ্বেগের বলেই মনে করছে স্বাস্থ্যবিশেষজ্ঞরা। তবে দিল্লি ও অসমের বিরনিহাট ছাড়াও দূষিত শহরের তালিকায় রয়েছে, পাঞ্জাবের মুল্লানপুর, ফরিদাবাদ, লোনি, নয়াদিল্লি, গুরুগ্রাম, গঙ্গানগর, গ্রেটার নয়ডা, ভিওয়াড়ি, মুজাফ্ফরনগর, হনুমানগড় ও নয়ডার নাম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ