Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে পৌঁছনোর আগেই গলল ইন্ডিয়া গেটের রেপ্লিকা, সরস মন্তব্য বেলজিয়ামের প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বেলজিয়াম চকোলেটের তৈরি ইন্ডিয়া গেটের রেপ্লিকা উপহার হিসাবে এনেছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার।

ভারতে পৌঁছনোর আগেই গলল ইন্ডিয়া গেটের রেপ্লিকা, সরস মন্তব্য বেলজিয়ামের প্রধানমন্ত্রীর
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বেলজিয়াম চকোলেটের তৈরি ইন্ডিয়া গেটের রেপ্লিকা উপহার হিসাবে এনেছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। কিন্তু মোদির কাছে পৌঁছানোর আগেই গলে গেল সেই চকোলেট। তা নিয়ে মজার ছলে বেলজিয়াম প্রধানমন্ত্রী বলেন, ‘চকোলেট কূটনীতির জন্য ভালো, তবে কূটনৈতিক সফরের জন্য মোটেও উপযোগী নয়।’ যা শুনে হাসি ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে ওয়েভার আশ্বাস দিয়েছেন, একই রকম আরো একটি (ব্যাকআপ) রয়েছে। তা প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দেব। ২ থেকে ৪ সেপ্টেম্বর ভারত সফরে এসেছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বেলজিয়াম চকোলেটের প্রসঙ্গ তোলেন ওয়েভার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বেলজিয়াম চকোলেটের তৈরি একটি ইন্ডিয়া গেটের রেপ্লিকা উপহার হিসাবে এনেছিলাম। 

Advertisement

তবে আসল ইন্ডিয়া গেটের মতো এটি ১০০ বছর ধরে টিকতে পারেনি। ভারতে আসার আগেই তা গলে গিয়েছে।’ এরপরেই তিনি মজা করে বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, চকোলেট কূটনীতির জন্য ভালো, তবে কূটনৈতিক সফরের জন্য মোটেও উপযোগী নয়।’  কেন ইন্ডিয়া গেট? ওয়েভার বলেন, ‘ভারত ও বেলজিয়ামের যৌথ ইতিহাস ও ভবিষ্যতের অংশিদারিত্বকে তুলে ধরতেই এই উপহারের পরিকল্পনা করা হয়েছিল।’ প্রসঙ্গত, প্রথম বিশ্বযুদ্ধে বেলজিয়ামের যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিলেন বহু ভারতীয় সেনা। ওই বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের স্মৃতিতেই দিল্লির বুকে তৈরি করা হয়েছিল ইন্ডিয়া গেট। পরে সেই গলে যাওয়া চকোলেটটির ছবি প্রকাশ করে দুঃখপ্রকাশ করেছে বেলজিয়ামের দূতাবাসও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ