


নয়াদিল্লি: আমেরিকার পর নামিবিয়া বধ। টি-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে দেখা যাচ্ছে ভারতকে। বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় নামিবিয়াকে ৯৩ রানে হারাল টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাট করে সূর্যকুমার-ব্রিগেড তোলে ৯ উইকেটে ২০৯। সৌজন্যে ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়ার ঝকঝকে অর্ধশতরান। জবাবে ১১৬ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। স্বস্তির জয় নিয়েই পাক-মহারণের জন্য কলম্বো উড়ে যাচ্ছেন গম্ভীরের ছেলেরা। সঙ্গে থাকছে টি-২০ বিশ্বকাপের গত আসর থেকে ধরলে টানা ১০ জয়ের বাড়তি আত্মবিশ্বাস। শুধু তাই নয়, দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’র শীর্ষে এখন ভারত। রান রেটে অনেক পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় স্থানে।
অবশ্য এই সহজ জয়ের মধ্যেও কিছু খচখচানি থেকেই যাচ্ছে। যেমন ভারতীয় ইনিংসের শেষ ১১ বলে ৫ উইকেট খোয়ানো। আর রান উঠেছে মাত্র ৩। দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে এই পরিসংখ্যান নিশ্চিতভাবে চিন্তায় রাখবে কোচ গৌতম গম্ভীরকে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে চেপে ধরেছিল আমেরিকা। আর দ্বিতীয় ম্যাচে আফ্রিকান দেশটি লোয়ার অর্ডারকে রীতিমতো তছনছ করে দিল। ব্যাটিং বিভাগ যত শক্তিশালীই হোক না কেন, ধারাবাহিকতার অভাব অস্বীকার করার উপায় নেই। পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। প্রতিহিংসার আগুনে পুড়তে থাকা পাক-ব্রিগেড এই দুর্বলতা কাজে লাগাতে মুখিয়ে থাকবে।
কোচ গম্ভীরের আরও এক মাথাব্যথার কারণ সঞ্জু স্যামসন। আর কবে সুযোগের সদ্ব্যবহার করবেন? অভিষেক শর্মার অসুস্থতার কারণে ওপেনিংয়ে এদিন সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধেও বিবর্ণ তিনি। শুরুটা ভালো করেও আউট হলেন ২২ রানে। অভিষেক সুস্থ হয়ে ফিরলে অবধারিতভাবে ডাগ-আউট হবে তাঁর ঠিকানা। তবে ঈশান কিষান স্বপ্নের ফর্মে রয়েছেন। এদিনও বাঁ হাতির বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লে’তেই এক উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ওঠে ৮৫ রান। ষষ্ঠ ওভারে চারটি ছক্কা ও একটি চার হাঁকান তিনি। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন ঈশান। শেষ পর্যন্ত ৬১ রানে থামেন তিনি। ক্যাপ্টেন সূর্যকুমারের ব্যাট থেকে ১২ রানের বেশি আসেনি। স্পিনের জালে স্টাম্প আউট হয়ে ফেরেন তিনি। তিলক ভার্মার সংগ্রহ ২৫। তবে পঞ্চম উইকেটে ৮১ রান যোগ করে দলের স্কোর দুশোর উপর নিয়ে যান হার্দিক-শিবম জুটি। মাত্র ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন হার্দিক। তাঁকে আউট করা এরাসমাসের বোলিং অ্যাকশন নিয়ে জোর চর্চা চলছে। কখনও তিনি স্টাম্পের আগে থেকেই ডেলিভারি ছাড়লেন, আবার কখনও সাইড আর্ম বোলিংয়ে বিব্রত করলেন ব্যাটারদের। চারটি উইকেট নিয়ে তিনিই নামিবিয়ার সফলতম বোলার। তবে তাঁর বিচিত্র কাণ্ডকারখানা ঢাকা পড়ল ডেথ ওভারে ভারতীয় ব্যাটারদের হারাকিরিতে। ১৮.২ থেকে ২০ ওভারের মধ্যে হার্দিক পান্ডিয়ার পাশাপাশি শিবম দুবে (২৩), অক্ষর প্যাটেল (০), রিঙ্কু সিং (১), অর্শদীপ সিং (২) আউট হওয়ায় ২০৯ রানেই থামে ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি নামিবিয়া। পাওয়ার প্লে’তে এক উইকেটে ওঠে ৫৮ রান। ওপেনার ফ্রাইলিঙ্ককে (২২) ফেরান অর্শদীপ। অপর ওপেনার লাওরেন (২৯) বড় শট খেলে আশা জাগিয়েছিলেন। তবে বরুণ চক্রবর্তীর স্পিনের জালে শেষ পর্যন্ত ধরাশায়ী তাঁরা। বল হাতেও দাপট দেখালেন হার্দিক। পর পর তুলে নেন দু’টি উইকেট। বাকি ব্যাটাররা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। ১১৬ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০৯-৯ (ঈশান ৬১, হার্দিক ৫২, এরাসমুস ৪-২০)। নামিবিয়া ১১৬ (লাওরেন ২৯, বরুণ ৩-৭, হার্দিক ২-২১, অক্ষর ২-২০) ভারত ৯৩ রানে জয়ী।