Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বাইশ গজে আজ মুখোমুখি ভারত ও জাপান, টাইফুনের দাপটে ভেস্তে গেল অনুশীলন

এশিয়ান গেমসে ভারতের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। হাতে রয়েছে বেশ কিছুটা সময়। প্রস্তুতি হিসাবে মঙ্গলবার জাপানের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলার কথা শ্রেয়সদের।

বাইশ গজে আজ মুখোমুখি ভারত ও জাপান, টাইফুনের দাপটে ভেস্তে গেল অনুশীলন
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সানো (জাপান): এশিয়ান গেমসে ভারতের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। হাতে রয়েছে বেশ কিছুটা সময়। প্রস্তুতি হিসাবে মঙ্গলবার জাপানের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলার কথা শ্রেয়সদের। দুই দেশের মধ্যে ৭৫ বছরের সম্পর্কের উদযাপনের মঞ্চ হিসাবে বেছে নেওয়া হয়েছে বাইশ গজকেই। কিন্তু আচমকা ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ, পূর্ব জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’। চলছে ভারী বৃষ্টিপাত। ফলে প্র্যাকটিসেই নামতে পারেননি শ্রেয়স, বুমরাহরা। প্রবল বৃষ্টিতে বেশ কিছু এলাকায় ধস নেমেছে। স্থানীয় হাওয়া অফিসের পূর্বাভাস, টাইফুন যত স্থলভাগের দিকে এগবে, ঝড়-বৃষ্টি ততই বাড়বে। সব কিছু দেখে মনে হচ্ছে, ভারত-জাপানের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে বাদ সাধতে চলেছে বিরূপ আবহাওয়া। ঝড়-বৃষ্টি মস্ত প্রভাব ফেলেছে এবারের এশিয়ান গেমসে। বেশ কিছু ভেন্যুতে জল জমে যাওয়ায় ইভেন্ট স্থানান্তরিত করতে হয়েছে ইন্ডোরে।  

Advertisement

জাপানের বিরুদ্ধে আগে কখনও খেলেনি ভারতীয় ক্রিকেট দল। তাই শ্রেয়সরা এই ম্যাচ ঘিরে একটু বেশিই আবেগতাড়িত। কিন্তু আকাশের মুখ ভার দেখে ভারত অধিনায়কের মনও ভারাক্রান্ত। শ্রেয়স বলেছেন, ‘জাপানের মাটিতে পা রাখার পর উষ্ণ অভ্যর্থনা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম, এখানকার দর্শকদের ভালো ক্রিকেট উপহার দিতে। দেশটা খুবই সুন্দর। ঘুরে দেখারও ইচ্ছা ছিল। সেটা আপাতত হচ্ছে না খারাপ আবহাওয়ার কারণে। তবে আমরা আশা করছি, অবস্থার উন্নতি হবে এবং যথাসময়ে আমরা মাঠে নামতে পারব।’
ভারত-জাপান টি-২০ ম্যাচটি হবে সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। দর্শকাসন মাত্র দু’হাজার। এই ম্যাচে জাপানকে নেতৃত্ব দেবেন কেন্ডেল কান্ডোবাকি-ফ্লেমিং। তিনি জানিয়েছেন, ‘ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলার সুযোগটা আমরা উপভোগ করতে চাই। এটা আমাদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা হবে। আর তাকে পাথেয় করে আগামী দিনে ক্রিকেটে আরও উন্নতির প্রেরণা পাব আমরা।’
ভারতীয় ক্রিকেটাররা অবশ্য রথ দেখার পাশাপাশি কলা বেচার কাজটাও সেরে নিচ্ছেন। খারাপ আবহাওয়ার কারণে প্র্যাকটিস ভেস্তে যাওয়ায় সানো শহরে রাস্তায় ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন বুমরাহ, অক্ষর প্যাটেল। সন্ধ্যায় একটি রেস্তোরাঁয় আড্ডা দিতে দেখা গিয়েছে ঈশান কিষান ও অভিষেক শর্মাকে। আসলে খেলার জন্য যে কখনো জাপানে আসতে হবে, সেটা ভারতীয় ক্রিকেটারদের চিন্তাভাবনার বাইরে ছিল। তাই সামুরাইয়ের দেশের শিল্প, সংস্কৃতি এবং খাওয়া-দাওয়া উপভোগ করার সুযোগ তাঁরা কিছুতেই হাতছাড়া করতে চাইছেন না। শ্রেয়সের কথায়, ‘কখনো ভাবিনি, এ দেশে ক্রিকেট খেলতে আসব। জাপান ও তার রাজধানী টোকিও শহরের অনেক কথা শুনেছি। এবার তা চাক্ষুস করে সত্যিই অভিভূত।’
খেলা শুরু সকাল ৯-৩০ মিনিটে। 
সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ