Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটির দেওয়াল-টালির চাল, সাপ-ইঁদুরের উৎপাত, কাকদ্বীপে ভগ্নদশায় স্বাধীনতার আমলের ডাকঘর

মাটির দেওয়াল-টালির চাল, সাপ-ইঁদুরের উৎপাত, কাকদ্বীপে ভগ্নদশায় স্বাধীনতার আমলের ডাকঘর
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: স্বাধীনতার আমলে তৈরি হওয়া ডাকঘরের আজ ভগ্নদশা। খসে পড়ছে মাটির চাঙর। হ্যাঁ, ঘরটি এখনও মাটির তৈরি অবস্থাতেই রয়েছে। কোনওরকমে বাঁশ দিয়ে ঠেকা দেওয়া। যে কোনও মুহূর্তে পুরো ঘরটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। সেই ভাঙা ঘরের ভিতরেই চলছে রাজনগর ডাকঘরের যাবতীয় কাজকর্ম।

Advertisement

স্বাধীনতার সময় কাকদ্বীপ থানার রাজনগরের উকিলের হাট এলাকায় তৎকালীন জমিদারের এক নায়েব এই ডাকঘরটি তৈরি করেছিলেন। আট ফুট বাই দশ ফুটের একটি মাটির ঘরে অফিসটি তৈরি করা হয়েছিল। চার চালা ঘরের উপরে চাপানো হয়েছিল টালি। সেই ঘরটি আজও পর্যন্ত একই রকম রয়ে গিয়েছে। কোনও সংস্কার করা হয়নি। এখন ৩০ ইঞ্চি চওড়া মাটির দেওয়ালগুলিতে ফাটল ধরেছে। চারিদিকে গুচ্ছ গুচ্ছ গর্ত।
ডাকঘরের এক গ্রাহক মণিশঙ্কর প্রধান বলেন, খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে ডাকঘরটি। দরজাও ভেঙে গিয়েছে। ঘরের ভিতরে সাপ ও ইঁদুরের উৎপাত। মাথা নিচু করে ভিতরে ঢুকতে হয়। ভয়ে কেউ ভিতরে ঢুকি না। বাইরে দাঁড়িয়েই কাজকর্ম সেরে নিই। দেশজুড়ে আবাস যোজনার লক্ষ লক্ষ ঘর তৈরি করার কথা বলে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় প্রচার করছে। কিন্তু তাদের নিজের দপ্তরের অফিসই ভেঙে পড়ছে।
ডাকঘরের পোস্টমাস্টার তথাগত মন্ডল বলেন, এখন মোট দু’জন কর্মী অফিসে কাজ করি। ব্যাঙ্কিং পরিষেবায় প্রায় ৫০০ জন গ্রাহক রয়েছেন। এছাড়াও রোজ প্রায় ৪০টি চিঠিপত্র দেওয়া-নেওয়া করতে হয়। কিন্তু ঘরটির পরিস্থিতি খুবই খারাপ। ভাঙা ঘরের ভিতরে বসে খুবই আতঙ্কের মধ্যে কাজকর্ম করতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি।
বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাণেশ্বর দাস বলেন, দীর্ঘদিন ধরে ডাকঘরটি ভগ্ন অবস্থায়। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। কেন্দ্রীয় সরকারের এই দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ করেনি। পঞ্চায়েতের পক্ষ থেকেও অনেকবার ঘরটি তৈরি করে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের ওই দপ্তর আটকে দিয়েছে। ‘ডগ ইন দা ম্যানজার’ নীতি– ওরা নিজেও করছে না, অন্য কাউকে করতেও দিচ্ছে না। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ