নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অটো, টোটোর কারণে বাস চালিয়ে খরচ উঠছে না। এই অবস্থায় ১৬ জুন থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল হুগলির বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, টোটো ও অটোর রুট পৃথক করার দাবি করা হলেও রাজ্য প্রশাসন সে ব্যবস্থা করতে পারেনি। বাস রুটেই অবাধে অটো ও টোটো চলছে। তাতে বাসে যাত্রী হচ্ছে না। ক্ষতির মুখে পড়ছে বাসশিল্প। ওই শিল্পের সঙ্গে জুড়ে থাকা শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই কারণেই ধর্মঘটের পথে যেতে হচ্ছে। সংগঠনের কর্তা দেবব্রত ভৌমিক বলেন, বাস চালিয়ে কর্মীদের খরচই উঠছে না। তেল সহ অন্যান্য খরচ বাড়ি থেকে টাকা এনে চালাতে হচ্ছে। বাধ্য হয়েই ১৬ জুন থেকে ধর্মঘটের ডাকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, হুগলিতে একাধিক রুটে বাস চলে। তার মধ্যে চুঁচুড়া থেকে পোলবা, ধনেখালি, তারকেশ্বর, সিঙ্গুর রুটে বেশ কিছু বাস চলে।



