Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তিলজলায় বাড়ির বাইরে ডেকে যুবককে ২ রাউন্ড গুলি

ফের রাতের কলকাতায় শুটআউট! মধ্যরাতে পরপর গুলির শব্দ। তারস্বরে চিৎকার করছেন এক যুবক। মাটিতে পড়ে ছটফট করছেন

তিলজলায় বাড়ির বাইরে ডেকে যুবককে ২ রাউন্ড গুলি
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাতের কলকাতায় শুটআউট! মধ্যরাতে পরপর গুলির শব্দ। তারস্বরে চিৎকার করছেন এক যুবক। মাটিতে পড়ে ছটফট করছেন। চাপ চাপ রক্তে ভেসে যাচ্ছে গোটা রাস্তা। 

Advertisement

ঘড়ির কাঁটা তখন সাড়ে ১২টা পেরিয়েছে। বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে যুবকের আর্তনাদে আশপাশ থেকে ছুটে এসেছেন স্থানীয়রা। অভিযোগ, বাড়ির বাইরে ডেকে এনে যুবককে গুলি করা হয়। ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। 
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ নিয়াজ ওরফে রাজা (২৩)। পেশায় তিনি মোটর মেকানিক। ২সি তিলজলা রোডের বাসিন্দা নিয়াজ। লালবাজারের দাবি, যুবককে ২ রাউন্ড গুলি করে আততায়ীরা। যদিও স্থানীয়দের দাবি, ৫-৬ বার গুলির শব্দ পাওয়া গিয়েছে। 
মধ্যরাতে ঘিঞ্জি তিলজলা রোডে গুলি চালালো কে বা কারা? প্রত্যক্ষদর্শী আসিফ আমজাদ বলেন, ‘গুলির শব্দ পেয়ে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসি। রাস্তায় রাজাকে ছটফট করতে দেখি। তখনই দেখি দু’টি বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যাচ্ছে।’ রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়। সকালে গুলিবিদ্ধ নিয়াজের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। 
আহত যুবক পুলিশ জানিয়েছে, গুলি চালিয়েছে মহম্মদ সলমন। ডাকাতি, তোলাবাজিসহ অস্ত্র আইনে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে পুলিশের খাতায়। আগে পিস্তল নিয়ে ভয় দেখাতে গিয়ে নিজের পায়েই গুলি চালিয়ে দেয় সলমন। তাতে ডান পা খোঁড়া হয়ে যায়। এলাকায় এই কুখ্যাত দুষ্কৃতী ‘ল্যাংড়া সলমন’ বলে পরিচিত। পুলিশি জিজ্ঞাসাবাদে নিয়াজের দাবি, সোমবার সন্ধ্যায় পাড়ায় কচিকাঁচারা খেলাধুলো করছিল। সেই সময়েই সলমন যাচ্ছিল। তার সঙ্গে এক বালকের ধাক্কা লাগে। মারধর করতে শুরু করে সলমন। প্রতিবাদ করেন নিয়াজ। তাতেই দু’পক্ষের বচসা বাধে। অভিযোগ, খুনের হুমকি দেয় অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ‘তখনই সলমনকে ল্যাংড়া বলে ডাকেন নিয়াজ। হুমকির সুরে সলমন জানায় তোর পা-ও খোঁড়া করে দেব।’ রাতে নিয়াজের বাড়ির সামনে দলবল নিয়ে হাজির হয় অভিযুক্ত। বাইরে ডেকে পাঠায় নিয়াজকে। দরজা খুলে বের হতেই পিস্তল বের করে যুবকের পা লক্ষ্য করে ট্রিগারে চাপ দিতে থাকে আততায়ী। অভিযুক্তকে পাকড়াও করতে বেনিয়াপুকুর থানার বিশেষ টিম রেইড চালাচ্ছে। অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নির্বাচনের আগে ফের প্রশ্নে পূর্ব কলকাতার নিরাপত্তা!

Advertisement
সম্পর্কিত সংবাদ