নিজস্ব প্রতিনিধি, বারাসত: জলাভূমির প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেই গ্রামীণ মহিলাদের আয়ের নতুন পথ দেখাতে উদ্যোগী হল কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থা। মাছ চাষ ও ইকো-অ্যাকোয়া পর্যটনকে হাতিয়ার করে বিকল্প জীবিকার সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে আমডাঙার বর্তির বিল ঘিরে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বর্তির বিলে আয়োজিত অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। অনুষ্ঠানে যোগ দেন ৩০ জন মহিলা। কৃষিকাজ ও জলাভূমি নির্ভর বিভিন্ন কাজে যুক্ত স্থানীয় মহিলাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রসারের কথা বলেন সংস্থার অধিকর্তা প্রদীপ দে। তাঁর কথায়, জলাভূমির জীববৈচিত্র্য রক্ষা করেই মহিলাদের আয়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। ন্যাশনাল ফিসারিজ ডেভেলপমেন্ট বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি কে বেহেরে বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সুরক্ষা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে মহিলাদের ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। এদিন মৎস্যচাষ ও কৃষিতে অবদানের স্বীকৃতি হিসাবে জয়ন্তী দত্ত ও দুলালী রায়কে ‘মহিলা কৃষক সম্মান’ দেওয়া হয়।



