বই পোড়ানোর প্রতিবাদে পড়ার বার্তা গানে-কবিতায় মিছিল, হাঁটল শহর
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বই হাতে সহস্র মানুষের অভিনব পদযাত্রার সাক্ষী থাকল কলকাতা। শনিবার দুপুরে কলেজ স্ট্রিট চত্বরে বই হাতে নিয়ে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাতে শুরু করেন। তাঁদের হাতে হাতে রবীন্দ্রনাথ, শরত্চন্দ্র, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলামের বই। কারও হাতে দেখা গেল শ্রীমদ্ভগবত্গীতা। কেউ আবার হাঁটলেন ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ হাতে নিয়ে।  ‘স্বামী বিবেকানন্দ মার্কসবাদীদের দৃষ্টিতে’ নামে বইও ছিল। এই মিছিল বার্তা দিল, ‘বই পোড়াই না, পড়ি।’ কলেজ স্কোয়ার চত্বরেই মিছিলটি সীমাবদ্ধ ছিল। 

Advertisement

এবছর পুজোয় রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থীদের বইয়ের স্টল ভাঙচুর হতে দেখা গিয়েছে। এমনকি, বই রাস্তায় ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগও এসেছে। আক্রান্ত হতে হয়েছে বাম কর্মী-সমর্থকদেরও। এদিন তারই প্রতিবাদে বিশিষ্টদের আহ্বানে গান-কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন পবিত্র সরকার, জহর সরকার, সুকান্ত চৌধুরী, শমীক বন্দ্যোপাধ্যায়সহ বহু বিশিষ্টজন। অধ্যাপক সুকান্ত চৌধুরী বলেন, ‘বইকে অপমান করা হচ্ছে, বইকে পদদলিত করা হচ্ছে। আমরা সরস্বতীর সঙ্গে হাতের লক্ষ্মীকেও ফেলছি। শুধু খেয়ে পরে আমরা বাঁচি না। বই পড়ার অধিকার যেন আমরা না হারাই।’ বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্য, তরুণকান্তি নস্করদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদেরও মিছিলে হাঁটতে দেখা যায়। 
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘যারা সভ্যতার শত্রু, তারাই বইকে ভয় পায়। ফ্যাসিস্টরা বই ভয় পায়। ওরা বুলডোজার দিয়ে বুক স্টল ভাঙে। রাজ্যজুড়ে ২৯২টি বুক স্টল ভেঙেছে। তাই প্রজন্ম ও  সভ্যতাকে রক্ষা করার জন্য এই মিছিল।’