আইনি বিপাকে জড়াল রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’ ছবিটি। কয়েকদিন আগে ভারত-পাক উত্তেজনার আবহে এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তি স্থগিত করা হয়েছিল। জানা যায়, সরাসরি ওটিটির পর্দায় মুক্তি পাবে ছবিটি। এর বিরোধীতা করে একটি বেসরকারি সংস্থা মামলা করে। কারণ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। এমনকী, অগ্রিম টিকিট বুকিংয়ের কাজও শুরু হয়। আচমকা সিদ্ধান্ত বদল হওয়ায় প্রায় ৬০ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করে সংশ্লিষ্ট সংস্থা। তাই সিদ্ধান্তের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী শুনানি না হওয়া পর্যন্ত এই ছবি ওটিটিতেও মুক্তি পাবে না। গত ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। পরে ওটিটিতে ১৬ মে মুক্তি পাবে বলে জানানো হয় প্রযোজনা সংস্থার তরফে। তবে এবার ওটিটি মুক্তিতেও বাধা পেল রাজকুমার, ওয়ামিকার সিনেমাটি। মামলার পরবর্তী শুনানি ১৬ জুন।



