Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টয় ট্রেনের ইতিহাসে প্রথম মহিলা কালেক্টর ক্লার্ক সরিতা ইয়োলমো

হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসে নাম লেখালেন পাহাড়িকন্যা সরিতা ইয়োলমো। টয় ট্রেনের প্রথম মহিলা টিকিট কালেক্টর হিসাবে ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে

টয় ট্রেনের ইতিহাসে প্রথম মহিলা কালেক্টর ক্লার্ক সরিতা ইয়োলমো
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসে নাম লেখালেন পাহাড়িকন্যা সরিতা ইয়োলমো। টয় ট্রেনের প্রথম মহিলা টিকিট কালেক্টর হিসাবে ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে। গত ৫ ফেব্রুয়ারি এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত হেরিটেজ টয় ট্রেনের সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট কালেক্টরের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এই নজির গড়লেন।
রবিবার ছিল তাঁর এই নতুন দায়িত্বে দ্বিতীয় দিন।  দার্জিলিংয়ের সোনাদায় জন্ম সরিতার। কর্মসূত্রে শিলিগুড়ির উপকণ্ঠে দাগাপুরে থাকেন নিউ জলপাইগুড়ি স্টেশনের সিনিয়র সিটিসি। এদিন এই নতুন দায়িত্বের অনুভূতির কথা জানাতে গিয়ে  সরিতা বলেন, পাহাড়ের মেয়ে হয়ে হেরিটেজ টয় ট্রেন নিয়ে পাহাড়ে উঠছি এটা আমার কাছে একটা আলাদা অনুভূতি। এই দায়িত্বের প্রথমদিনে যাত্রীদের কাছ থেকে যে প্রতিক্রিয়া, অভ্যর্থনা পেয়েছি তা কোনো দিন ভুলব না। পর্যটকরা সকলে এগিয়ে এসে ট্রেনের মধ্যে আমার সঙ্গে ছবি তুলছেন। হেরিটেজ টয় ট্রেনের আমিই প্রথম মহিলা টিকিট কালেক্টর। তাই তাঁরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকাটা ক্যামেরাবন্দি করেছেন। এই ছবি তাঁদের জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে বলে সকলে জানিয়েছেন। পর্যটকদের  এই কথাগুলি আমাকে রোমাঞ্চিত করছে। বাড়তি উৎসাহ জোগাচ্ছে নতুন দায়িত্বে। 

Advertisement


এই দায়িত্ব পুরুষশাসিত হিসাবে পরিচিত। দীর্ঘদিনের সেই অদৃশ্য প্রাচীর ভেঙে নারী শক্তির অগ্রগতির বার্তা দিলেন পাহাড়িকন্যা। সরিতা বলেন, টিকিট কালেক্টর হিসাবে ট্রেনে ট্রেনে ঘোরার অভিজ্ঞতা অনেকদিন আগেই হয়েছে। দূরপাল্লার ট্রেনেও ডিউটি করেছি। তবে হেরিটেজ টয় ট্রেনে এইবারই প্রথম। তার উপর প্রথম মহিলা হিসেবে টয় ট্রেনের ইতিহাসেও ঢুকে পড়লাম। যে পাহাড়ের কোলে জন্ম, বেড়ে ওঠা, সেই পাহাড়ের পাকদণ্ডী বেয়ে চলা টয় ট্রেনে ডিউটি করা একটা দারুন উপভোগ্য মুহূর্ত। 


দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, এর আগে টয় ট্রেনে মহিলা টিকিট কালেক্টর থাকার রেকর্ড এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সরিতা ইয়োলমোর এই কৃতিত্ব আগামী দিনে নারীদের বড় স্বপ্ন দেখাতে অনুপ্রেরণা জোগাবে। সরিতার স্বামীও রেলের কর্মী ছিলেন। একবছর হল অবসর নিয়েছেন। তিনি বলেন, ব্রিটিশদের চালু করা টয় ট্রেন ভারতীয় রেলের অহঙ্কার। আর সেই হেরিটেজ ট্রেনের আমি প্রথম মহিলা টিকিট কালেক্টর, এটা ভাবলে সত্যিই ভালো লাগছে। আমার মেয়ে এবং স্বামী সবসময় আমাকে উৎসাহিত করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ