ফের অ্যাকশন ড্রামায় কাজ করবেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ছবির নাম ‘মিসা’। মহিলা কেন্দ্রিক বিগ বাজেটের এই ছবির মহরৎ হয়েছে সদ্য। আজ, সোমবার থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। হায়দরাবাদে শ্যুট হবে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রশ্মিকার জন্য এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করেননি তিনি। ছবির জন্য একাধিক অ্যাকশন দৃশ্যে কাজ করতে হবে তাঁকে। এর জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন নায়িকা। এ ধরনের অ্যাকশন ছবিতে কাজ করতে পেরে নায়িকা নিজেও উচ্ছ্বসিত। সর্বভারতীয় স্তরেই সিনেমাটি মুক্তি পাবে। চলতি বছর ‘ছাভা’, ‘সিকান্দর’ সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে রশ্মিকাকে। সর্বত্র তাঁর কাজ প্রশংসা পেয়েছে। এরপর অল্লু অর্জুনের পরের ছবিতেও কাজ করবেন নায়িকা। এই ছবির হাত ধরেই ফের অল্লুর সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এর আগে তাঁদের জুটির ‘পুষ্পা ২’ দেশজুড়ে একাধিক রেকর্ড গড়েছিল। এই ছবিটিও তেমনই রেকর্ড করবে বলে অনুমান করছেন অনুরাগীরা। ছবিতে চারটি চরিত্রে দেখা যাবে অল্লুকে। ইতিমধ্যে শ্যুটিংও শুরু হয়েছে।



