এলেন, দেখলেন, জয় করলেন। চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে পরিচালক ইমতিয়াজ আলির কলকাতা সফরকে এভাবেই ব্যাখ্যা করা যায়। শুক্রবার চার পরিচালকের ছবি ‘মাই মেলবোর্ন’-এর স্পেশাল স্ক্রিনিং ছিল নন্দন ১-এ। তার আগে দুপুরে ট্রামে চেপে প্রচার সারলেন ছবির অন্যতম পরিচালক ইমতিয়াজ আলি। পরিচালকের আবেদন, ট্রাম কলকাতার ঐতিহ্য। সেই ঐতিহ্যবাহী যান যেন শহরজুড়ে দাপিয়ে বেড়ায়। কোনওদিন বন্ধ না হয়। পরিবেশের কথা মাথায় রেখেও শহরজুড়ে ট্রাম চলাচলের পক্ষে সওয়াল করেছেন পরিচালক। ট্রাম সফরের পর নন্দন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক। তাঁর সঙ্গে ছিলেন ছবির সহ পরিচালক ওনির, রিমা দাস। আসতে পারেননি পরিচালক কবীর খান। এছাড়াও ছিলেন প্রযোজক মিঠু ভৌমিক।



