ইসলামাবাদ: দীর্ঘদিন জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যে ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ‘কাপ্তান’। তাঁর শারীরিক ও মানসিক পরিস্থিতিও আশঙ্কাজনক। একটি রিপোর্টে এমনই দাবি করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত ‘আদালতবান্ধব’ আইনজীবী সালমান সাফদার । পাক সেনাবাহিনীর মদতে পরিকল্পিতভাবেই ইমরানের স্বাস্থ্য নিয়ে অবহেলা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
রিপোর্টে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টি হারিয়েছেন কাপ্তান। গত অক্টোবর মাস পর্যন্তও চোখে কোনও সমস্যা ছিল না ইমরানের। তারপর থেকেই ঝাপসা দেখতে শুরু করেন তিনি। জেলের সুপারের কাছে বারবার জানানো হলেও চিকিৎসার জন্য কোনও পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ। ইমরানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও উদ্বেগজনক। গত ২ বছর চার মাসেরও বেশি সময় তিনি একক কক্ষে বন্দি রয়েছেন। রিপোর্টে উল্লেখ, ‘৭৩ বছর বয়সী ইমরানের নিয়মিত রক্তপরীক্ষার প্রয়োজন রয়েছে। সে বিষয়েও জেল কর্তৃপক্ষ উদাসীন।’