অমিত চৌধুরী, চন্দননগর: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা বাংলা ছাড়িয়ে পৌঁছেছে দেশ-বিদেশে। এই বছরও একাধিক থিমের পুজো দর্শনার্থীদের নজর কেড়েছে। রবিবার ছিল ষষ্ঠী। এদিন বেলা যত গড়িয়েছে, পাল্লা দিয়ে ততই বেড়েছে ভিড়। সন্ধ্যা নামার পর চন্দননগরের সব রাস্তাই চলে গিয়েছে দর্শনার্থীদের দখলে। রং-বেরংয়র পোশাকে রাস্তায় নেমেছে আট থেকে আশি। চারদিকে আলোর রোশনাই। গোটা শহর সেজে উঠেছে আলোর মালায়। শুধু চন্দননগর নয়, হুগলির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন জগদ্ধাত্রী দর্শন করতে। এদিন রবিবার থাকায় কলকাতা বা দূরের জেলার মানুষও দিনটি উপভোগ করতে ছুটে এসেছেন আলোর শহরে।
খুদে দর্শকদের মন জয় করেছে উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ। এবার তাদের হীরক জয়ন্তী বর্ষ। তাদের পুজোর থিম কেরলের ‘ওনাম উৎসব’। মণ্ডপে কেরলের একখণ্ড ছবি ফুটে উঠেছে। প্রবেশদ্বারে রয়েছে রোবট গজরাজ। দু’টি সাদা দাঁত নিয়ে মাঝে মাঝে শুঁড় ও মাথা নাড়াচ্ছে বিশাল আকৃতির যান্ত্রিক হাতি, এমনকি, চোখের পাতাও পড়ছে তার। দেখতে অবিকল আসল হাতির মত। এই গজরাজই মন কেড়েছে খুদে দর্শকদের।
পুজো কমিটির সভাপতি সূর্যকান্ত দাস বলেন, ওনাম উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা মহাবলীর অমর কাহিনি। তিনি ছিলেন দানশীল, ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল। তাঁর দানের মহিমা পরিমাপ করতে ভগবান শ্রীবিষ্ণু বামন অবতার রূপে তাঁর কাছে আসেন। মহাবলী ভূমিদানের অঙ্গীকার করার পর শ্রীবিষ্ণু বামন অবতার থেকে বিরাট রূপ ধারণ করেন। তাঁর এক পা ছিল স্বর্গে, এক পা ছিল মর্ত্যলোকে। তৃতীয় পা রাখার জন্য মহাবলী নিজের মাথা এগিয়ে দেন। তখন ভগবান বিষ্ণু তাঁর মাথায় পা দিতেই পাতালে প্রবেশ করেন তিনি। শ্রীবিষ্ণু দানশীল মহাবলীর কথা মাথায় রেখেই তাঁকে পাতালের অধীশ্বর করে দেন। তাঁর প্রজাবৎসলতার প্রতি সম্মান জানাতে বছরে একবার তাঁকে পৃথিবীতে ফিরে আসার বরদান করেন বিষ্ণু। মহাবলীর এই শুভ প্রত্যাবর্তনের দিনটি পালিত হয় ওনাম উৎসব নামে।
মণ্ডপের ভিতরে শয়ন অবস্থানে রয়েছেন ভগবান বিষ্ণু। কেরলের পদ্মনাভ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। চন্দননগরের মাটিতে কেরলের উৎসবকে আরও জীবন্ত করে তুলতে সেখানকার পুলিকলি নৃত্যশিল্পীদের নিয়ে আসা হয়েছে। বাঘের সাজে সেজে শিল্পীরা ঢাকের তালে নৃত্য প্রদর্শন করে দর্শকদের মন জয় করছেন। মণ্ডপের মাঝে মহাবলীকে পাতালে প্রবেশের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই মণ্ডপ ছাড়াও চন্দননগরের অলিগলিতে, চন্দননগর স্ট্র্যান্ডে ছিল দর্শনার্থীদের ঢল।



