Bartaman Logo
২৭ মে, ২০২৬

ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই উদ্ধার হল বোমা

ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই উদ্ধার হল বোমা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ইম্ফল ও নয়াদিল্লি: দেড় বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর। এবার মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাড়ির অদূরে মিলল বোমা। মঙ্গলবার সকালে ইম্ফলের লুয়াংশাংবামে বীরেনের ব্যক্তিগত বাড়ির কাছে মর্টার বোমাটি উদ্ধার হয়। এই ঘটনার পর প্রশাসনিক মহলে হুলস্থুল পড়ে যায়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিস জানিয়েছে, এদিন সকালে রাস্তার পাশে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। সোমবার রাতে দুষ্কৃতীরা বোমাটি ছুড়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। যদিও তা শেষ পর্যন্ত ফাটেনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এরইমধ্যে এদিন মণিপুর ইস্যুতে রাজ্যসভায় সুড় চড়াল তৃণমূল সহ বিরোধীরা। টানা হিংসার কারণে উত্তর-পূর্বের ওই রাজ্যের বাসিন্দারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছে তৃণমূল। 
Advertisement
ভারতের সংবিধান নিয়ে আলোচনায় ভাষণ দিতে গিয়ে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, আজ আমরা সংবিধানের উপর বিতর্কে অংশ নিয়েছি। সাংবিধানিক অধিকার নিয়ে নিজেদের মতামত জানাচ্ছি। অথচ মণিপুরবাসীর সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে। এমন একটি গুরুতর বিষয়ে নির্বিকার বিজেপি। মণিপুরের প্রতি অন্যায়ের প্রতিবাদে উত্তর-পূর্বের শাসক দলের সাংসদদের পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি অসমে সামাজিক জীবনে বিজেপি বিভাজন তৈরি করেছে বলেও তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন। তিনি বলেছেন,  বিজেপির লক্ষ্য হল এক নেতা, এক নির্বাচন এবং এক ধর্ম। এমন মনোভাব ফ্যাসিবাদী সরকারের পক্ষেই সম্ভব বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। সিপিএম সাংসদ জন ব্রিটাস বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কর্তব্য পালন করতে মণিপুর যাওয়া উচিত নরেন্দ্র মোদির। 
এদিন নিষিদ্ধ সংগঠন কাংলেইপাক কমিউনিস্ট পার্টির আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিস। সম্প্রতি বিহারের দুই পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 
সম্পর্কিত সংবাদ