Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘আমি ইঁদুরদৌড়ে নেই’

সম্প্রতি এআই দিয়ে তৈরি কিশোর কুমারের কণ্ঠে একটি গান ভাইরাল হয়।

‘আমি ইঁদুরদৌড়ে নেই’
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দীর্ঘ গান জীবনে স্বতন্ত্র থেকেছেন শান। আগামী ১০ অক্টোবর বিশ্ববাংলা এগজিবিশন সেন্টারে তাঁর পারফরম্যান্সের জন্য মুখিয়ে কলকাতা। তার আগে একান্ত সাক্ষাৎকারে গায়ক।

Advertisement

 

• কলকাতা সফর
কলকাতার সঙ্গে শানের আত্মার যোগ। এই শহরের শ্রোতাদের সামনে তাঁর করা পারফর্ম অত্যন্ত স্পেশাল। ‘কলকাতায় আমার অনেক আত্মীয় আছেন। কলকাতার অনুষ্ঠানে বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত থাকবেই’, বলছিলেন গায়ক। আসন্ন অনুষ্ঠানে আর কোনও চমক? জানালেন, ‘আনপ্লাগ নামের একটি সেগমেন্ট রয়েছে। একটি কাহিনির সূত্রে শানুদা (কুমার শানু), অভিজিৎদার (ভট্টাচার্য) বিভিন্ন গানকে বাঁধা হয়েছে। আমার যেসব গান সাধারণত মঞ্চে করা হয় না, সেগুলির একটা ম্যাশআপ রয়েছে।’ কলকাতায় পারফর্ম করতে চাপ লাগে? হেসে গায়ক জবাব দিলেন, ‘না, চাপের প্রশ্ন নেই। তবে কতখানি বাংলায় কথা বলব, কতটা হিন্দিতে বলব, সেটা ভাবতে হয়।’ 
• শ্রোতার বদল
শ্রোতা থেকে মাধ্যম— গানের জগৎ পাল্টে গিয়েছে সম্পূর্ণ। কীভাবে নতুনদের দেখেন তিনি? বললেন, ‘আমি যখন শুরু করেছিলাম, তখন আমার বয়স ২২ বা ২৩। সেই সময়টা ধরলে আমিও তো অনেক বদলেছি। শ্রোতা, দর্শকের পরিবর্তন তো হবেই। এখনকার ট্রেন্ড মাথায় রাখছি, কারণ তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে হবে।’ কী চান নতুন প্রজন্মের শ্রোতারা? শানের ব্যাখ্যা, ‘এনার্জি, চমক। ওই জন্যই বোধহয় ম্যাশআপ এত জনপ্রিয়। কারণ এরপর কী গান আসবে, তা দর্শককে ভাবাচ্ছে।’  
• প্লেব্যাকের কথা
স্বকীয়তা শানের বৈশিষ্ট্য। এত বছরের সঙ্গীত জীবনের জার্নিতে কীভাবে নিজেকে স্বতন্ত্র রেখেছেন শিল্পী? ‘আমি প্রথম থেকেই কারও স্টাইল নকল করার চেষ্টা করিনি। নিজের মতো করে গেয়েছি। এই জন্যই হয়তো, শানের মিমিক্রি কম হয়।’ কণ্ঠস্বর নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও তো করেছেন? বললেন, ‘অবশ্যই। মানুষ যখন হাস্কি কণ্ঠস্বর পছন্দ করতেন, তেমন করেছি। যখন ব্রাইট গান পছন্দ ছিল, সেটা করেছি। এখন পার্সোনালাইজড মিউজিক ভালোবাসেন, তাই করছি। নিজেই নিজেকে কপি করতে পারি না (হাসি)।’ 
• টিকে থাকার লড়াই 
বলিউডে টিকে থাকার মন্ত্র কী? বললেন, ‘আমার টিকে থাকার কোনও চাহিদা, লড়াই বা জেদ নেই। আমি কোনও ইঁদুরদৌড়ে নেই। তারুণ্য বজায় রাখতে চাই। এখনও যদি আমার গলায় গান শোনেন, মনে হবে না পঞ্চাশের উপর কেউ গাইছেন। গান গাইতে পারছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা।’ 
• কৃত্রিম বুদ্ধিমত্তা
সম্প্রতি এআই দিয়ে তৈরি কিশোর কুমারের কণ্ঠে একটি গান ভাইরাল হয়। তা ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিল। শান নিজেও ক্ষোভপ্রকাশ করেন। সেই প্রসঙ্গ উঠতেই বললেন, ‘এটাকে উৎসাহ দেওয়া উচিত নয়। কিশোর কুমারের গান নতুন প্রজন্ম কতখানি শুনেছে, আমরা জানি না। অথচ তাঁর কণ্ঠ নকল করে এত বছর পর এআই দিয়ে গান তৈরি হচ্ছে! এতে ওঁর নিজস্বতা বজায় থাকছে কি?’ প্লেব্যাক তো বটেই, রিয়্যালিটি শোয়ের মঞ্চেও অটোটিউন, ভয়েজ কারেকশন সহ একাধিক প্রযুক্তির কারিকুরি করা সম্ভব। শান সহমত পোষণ করেও বললেন, ‘রিয়্যালিটি শোতে এগুলি হয় ঠিকই। তবে এই শোগুলির জন্যই অনেক নতুন প্রতিভা চিনতে পারছি।’
• বাংলা গান
বাংলা গান শোনেন? শিল্পী স্পষ্ট বললেন, ‘হ্যাঁ, শুনি তো, বাংলা গান গাইছিও। জিৎদার (গঙ্গোপাধ্যায়) পুজোর গান করলাম, বিক্রমদার (ঘোষ) সঙ্গে কাজ করছি। ইন্দ্রদীপ (দাশগুপ্ত) আমার অন্যতম পছন্দের মানুষ। ওর সঙ্গেও মাঝেমধ্যেই গান নিয়ে কথাবার্তা হয়।’ 
শান্তনু দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ