Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে ইনিউমারেশন ফর্ম পূরণে নাজেহাল ‘নিরক্ষর’ লোধা শবররা

ঝাড়গ্রাম জেলায় ২৩ হাজার লোধা শবরের বসবাস। তাঁরা বেশিরভাগই নিরক্ষর। বিএলওরা তাঁদের ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে করতে নাজেহাল।

ঝাড়গ্রামে ইনিউমারেশন ফর্ম পূরণে  নাজেহাল ‘নিরক্ষর’ লোধা শবররা
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলায় ২৩ হাজার লোধা শবরের বসবাস। তাঁরা বেশিরভাগই নিরক্ষর। বিএলওরা তাঁদের ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে করতে নাজেহাল। অনেকের কাছেই ২০০২ সালের ভোটার তালিকা নেই। বিবাহিত লোধা শবর মহিলারা তাঁদের পুরনো বিধানসভা, ভোট কেন্দ্রের নাম বলতে পারছেন না। বাবা, মা ও নিকটাত্মীয়দের নাম ভুল হয়ে যাচ্ছে। ফর্ম পূরণের তথ্য সংগ্রহে তাঁদের বাপের বাড়ি ছুটতে হচ্ছে। 

Advertisement

ঝাড়গ্রামের লোধ শবরদের অনেকেই গণতন্ত্র শব্দটির মানে জানেন না। ভোট দেওয়ার জন্য ফর্ম পূরণ করার কথা শুনেছেন। কিন্তু কীভাবে ফর্ম পূরণ করতে হয় তা তাঁরা জানেন না। গ্ৰামের লোধা শবররা হেল্প ডেস্কে এসে কাগজপত্র বাড়িয়ে দিচ্ছেন। ফর্ম পূরণ করে দিতে বলছেন। কুঁড়ে ঘরে থাকা লোধা শবরদের অনেকের ২০০২ সালের এসআইআরের কাগজপত্র নেই। অনেকে  নতুন এলাকায় এসে বসবাস করছেন। বিবাহিত লোধা শবর মহিলারা বলতে পারছেন না বাপের বাড়ি বিধানসভা ভোট কেন্দ্রের নাম। অনেকের ঠাকুরদা ও ঠাকুরমার নামও স্মরণে নেই। ঝাড়গ্রাম লাগোয়া ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যে যাঁদের বাপের বাড়ি, তাঁরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। ইনিউমারেশন ফর্মে থাকা আত্মীয়দের বিবরণ তালিকায় উল্লেখ করা প্রয়োজন। বিএলও ও ব্লক লেভেল এজেন্টরা জেলার ভিতর বিবাহিত মহিলাদের বাপের বাড়ির গ্ৰামের পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করছেন। বিবাহিত মহিলাদের বাপের বাড়ি পাঠানো হচ্ছে তথ্য সংগ্রহ করার জন্য। পার্শ্ববর্তী রাজ্য থেকে যা সংগ্ৰহ করা একবারেই সম্ভব হচ্ছে না। লোধা শবররা কাজের সন্ধানে বের হবেন, না এসআইআরের জন্য তথ্য সংগ্রহ করবেন তা নিয়ে চরম দ্বিধায় পড়ছেন। ফর্ম পূরণ না হলে কী হবে, তা নিয়েও আতঙ্কিত তাঁরা। পশ্চিমবঙ্গ লোধা শবর উন্নয়ন পর্ষদের সদস্যরাও মানছেন, লোধ শবরদের ইনিউমারেশন ফর্মে পূরণে পৃথক ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। সেটা না হওয়ায় জটিলতা বেড়েছে। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের শালুকগেড়িয় গ্ৰামে তিনশো লোধা শবর বসবাস করেন। 
গ্ৰামের বাসিন্দা জয়ন্তী শবর এদিন বলেন, ভোটার বাবুরা বলল বউমা বাপের বাড়ির তথ্য দিতে পারছে না। ছেলেকে নিয়ে বাপের বাড়ি গিয়েছে। ফর্ম পূরণ ওঁরাই করে দিক। ঝন্টু শবর বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম নেই। ফর্ম পূরণ কীভাবে হবে বুঝতে পারছি না। মাধরী, সীমা শবর বলেন, ফর্ম পূরণ করার কথা বলা হচ্ছে, কিন্তু এই বিষয়ে আমরা কিছুই জানি না। শালুকগেড়িয়ার ব্লক লেভেল এজেন্ট অশোক মাহাত বলেন, লোধা শবরদের ফর্ম পূরণে বিএলওরা দিশাহারা হয়ে যাচ্ছেন। আমাদের কাছে এসে ফর্ম পূরণ করে দিতে বলছেন। সাধ্যমতো ফর্ম পূরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ লোধা শবর উন্নয়ন পর্ষদের সদস্য বঙ্কিম ভক্তা বলেন, বেশিরভাগ লোধ শবর ফর্ম পূরণ করা নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছে। জেলা প্রশাসন যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে পর্ষদের তরফে বলা হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার বৈঠক করা হবে। ফর্মে আত্মীয় বা ভোট কেন্দ্রের নাম উল্লেখ না থাকলেও ভোটদানে তা বাধা হবে না।  ঝাড়গ্রামের শালুকগেড়িয়াতে তৃণমূলের শিবিরে ভিড়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ