নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন পুরসভায় বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। শুধু গাড়ুলিয়া পুরসভায় প্ল্যান বহির্ভূত অতিরিক্ত নির্মাণের অভিযোগ রয়েছে ৬২টি বহুতলের বিরুদ্ধে। সেই সব বহুতল নির্মাণকারী সংস্থাকে ডেকে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উত্তর বারাকপুর পুরসভায় এইরকম বহুতলের সংখ্যা শতাধিক। যে সব বহুতলে কেউ বসবাস করছেন না, সেরকম দু’-একটি বহুতল ভেঙে ফেলা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সোমবার গাড়ুলিয়া পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অর্জুন সিং। দেখা গিয়েছে, জি প্লাস থ্রি প্ল্যান অনুমোদন করে বানানো হয়েছে জি প্লাস ফোর বা তার বেশি। এছাড়াও রবিবার সন্ধ্যায় আনন্দমঠে জনতার দরবারে বাসিন্দারা অর্জুন সিংয়ের কাছে অভিযোগ করেন, এমন কয়েকটি বহুতলে তাঁরা বসবাস করছেন, যেখানে সিসি (কম্পিলিশন সার্টিফিকেট) নেই, যার ফলে মিউটেশন হচ্ছে না। চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। বৈঠকে সেই প্রসঙ্গও উঠে আসে। পরে অর্জুন সিং বলেন, রিভাইসড প্লান অনুমোদিত না হওয়ায় সিসি মিলছে না। বেআইনিভাবে বহুতলগুলি তৈরি হয়েছে। জি প্লাস থ্রি বা জি প্লাস ফোর প্লান অনুমোদনের পর অতিরিক্ত একটি করে ফ্লোর বানিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রিভাইজড প্ল্যান অনুমোদন করা হয়নি। এমন বহুতলে ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছে, মানুষ বসবাস শুরু করেছেন। অর্জুন বলেন, তাঁদের তো বের করে দিয়ে ফ্ল্যাট ভেঙে দেওয়া সম্ভব নয়। বরং কীভাবে মিউটেশন করা যায়, তার পরিকল্পনা করা হচ্ছে। জরিমানা নিয়ে করা যেতে পারে। তবে যেসব বেআইনি বহুতলে এখনও বাসিন্দারা বসবাস করছেন না, সেগুলি ভেঙে দেওয়া হবে। প্রতিটি পুরসভায় দেখা যাচ্ছে, রিভাইসড প্ল্যান অনুমোদন না করে এই ধরনের বহুতল নির্মাণের অভিযোগ রয়েছে। সবক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে।