Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় সরকারি জমি ‘দখল’ করে বেআইনি নির্মাণ, ক্ষোভ

হাবড়ায় সরকারি জমি ‘দখল’  করে বেআইনি নির্মাণ, ক্ষোভ
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার সরকারি জায়গা ‘দখল’ করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই নিয়ে অভিযোগ জমা পড়েছে ব্লক প্রশাসনের কাছে। কিন্তু, তারপরেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। তবে, বিধায়ক জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। ঘটনাটি হাবড়া ১ নম্বর ব্লকের বেড়গুম দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জানাপুল মৌজায় ১৭৩৭ দাগে রয়েছে সরকারি জমি। পরিমাণ প্রায় ১০ কাঠা। দীর্ঘদিন সেটা ফাঁকা পড়েছিল। খানাখন্দে কার্যত পরিত্যক্ত অবস্থায় ছিল জায়গাটি। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, কংক্রিট দেওয়াল দিয়ে ঘেরা হয়েছে ওই সরকারি জায়গা। শুধু তাই নয়, মাটি ফেলে জমিটিকে সমতল করা হয়েছে। গোপনে দেওয়াল ঘেরা জায়গা দখল করে বেআইনি নির্মাণ চলছে বলেই অভিযোগ। কিন্তু, দাপুটে নেতার ভয়ে মুখে কুলুপ স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের কথায়, তৃণমূল নেতা নিজের ব্যবসায়ীক স্বার্থে এটা দখল করে নির্মাণ করছেন। শোনা যাচ্ছে, এখানে তিনি একটি কমিউনিটি হল তৈরি করবেন। কিন্তু নথি অনুযায়ী এই জায়গা সরকারের। খতিয়ান নম্বর এক। কিন্তু, তারপরও কেন পুলিস ও প্রশাসন চুপ হয়ে বসে আছে বুঝতে পারছি না। অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য বলছেন, এই জায়গা দখল হচ্ছে না। এখানে কচু চাষ হচ্ছে। আসলে আমাকে কালিমালিপ্ত করতে এটা করা হচ্ছে। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, যেখানে বেআইনি দখলদারি হচ্ছে সেটা আমার পাশের গাইঘাটা বিধানসভার মধ্যে পড়ে। কিন্তু ওই এলাকা হাবড়া ১ ব্লকের মধ্যে। তাই আমার কাছেও এই অভিযোগ এসেছে। বিডিও ও পুলিসকে বলা হয়েছে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে। সরকারি জায়গায় বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। হাবড়া ১ বিডিও সুবীর দণ্ডপাটকে ফোন করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ