নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগেই কার্যত ফুটবল কার্নিভাল কলকাতায়। অক্টোবরের গোড়ায় ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলবে জাতীয় দল। এরইমধ্যে আইএফএ শিল্ডের প্রস্তাবিত সূচি প্রকাশ করল আইএফএ। ৬ দলের প্রতিযোগিতা শুরু আগামী ২২ সেপ্টেম্বর।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগেই কার্যত ফুটবল কার্নিভাল কলকাতায়। অক্টোবরের গোড়ায় ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলবে জাতীয় দল। এরইমধ্যে আইএফএ শিল্ডের প্রস্তাবিত সূচি প্রকাশ করল আইএফএ। ৬ দলের প্রতিযোগিতা শুরু আগামী ২২ সেপ্টেম্বর।
গ্রুপ ‘এ’-তে ইস্ট বেঙ্গল, মহমেডান স্পোর্টিং ছাড়াও রয়েছে পাঞ্জাব এফসি। গ্রুপ ‘বি’তে মোহন বাগান, শ্রীনিধি ডেকান ও নর্থ ইস্ট ইউনাইটেড। প্রতি গ্রুপ থেকে দু’টি দল শেষ চারে পৌঁছাবে। শিল্ডের গ্রুপ লিগের ম্যাচ ময়দানেই আয়োজন করতে চায় আইএফএ। কর্তারা আশাবাদী, ভিড় উপচে পড়বে দুই প্রধানের গ্যালারিতে। উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গলের সামনে মহমেডান স্পোর্টিং। তবে এই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত নয়। হাবাস ব্রিগেডের পরের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। এই ম্যাচটি ২৮ সেপ্টেম্বর ইস্ট বেঙ্গল মাঠে হওয়ার কথা। মহমেডান বনাম পাঞ্জাব ম্যাচের ভেন্যু দ্রুত জানানো হবে। অন্যদিকে, ২৩ সেপ্টেম্বর মোহন বাগান মাঠে শ্রীনিধির বিরুদ্ধে নামবেন মিগুয়েলরা। মোহন বাগান বনাম নর্থ ইস্ট ম্যাচ ২৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনাল ২ অক্টোবর। পুলিশ-প্রশাসনের সঙ্গে আলোচনার পর নক-আউটের তিনটি ম্যাচ নিয়ে চূড়াম্ত সিদ্ধান্ত জানাবে আইএফএ। এদিকে, ৩ ও ৬ অক্টোবর যথাক্রমে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে যুবভারতীতে খেলবে খালিদ ব্রিগেড। শিল্ড ফাইনালে কোনোভাবে দুই প্রধান মুখোমুখি হলে সল্টলেক স্টেডিয়াম পাওয়া চাপের। তাই শিল্ড ফাইনালের ভেন্যু নিয়েও ধোঁয়াশা থাকছে।
এদিকে, আগামী শনিবার ঘরোয়া লিগের খেতাব নির্ধারণ ঘিরে পারদ চড়ছে ময়দানে। ১৯ সেপ্টেম্বর বারাসতে মোহন বাগানের বিরুদ্ধে খেলবে মহমেডান স্পোর্টিং। মিনি ডার্বির বিজয়ী দলের শিরোপা নিশ্চিত। পাশাপাশি লিগ জিতলে ফুটবলারদের ১৫ লক্ষ টাকা ইনসেনটিভ দেবে সাদা-কালো ব্রিগেড। অন্যদিকে, ইস্ট বেঙ্গল মাঠে লাল-হলুদ ব্রিগেডের সামনে কোল ইন্ডিয়া। মিনি ডার্বি ড্র হলে গোলপার্থক্যে লিগ জেতার সুবর্ণ সুযোগ তন্ময়, আকাশদের সামনে। বারাকপুরে ভবানীপুরের প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড স্পোর্টস। এদিন বারাকপুরে কোল ইন্ডিয়াকে ৩-০ গোলে হারায় ভবানীপুর।