Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

১৩ জুলাই লন্ডনে আইএফএ শিল্ড

মোহন বাগান, ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিংকে নিয়ে ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের উন্মাদনাও কম নয়। সেই আবেগকে পুঁজি করে বিদেশে থাকা কলকাতার তিন প্রধানের সমর্থকদের নিয়ে অষ্টম ইন্ডিয়ান ফ্যানস অ্যালায়েন্স (আইএফএ) শিল্ডের আনুষ্ঠানিক ঘোষণা হল শুক্রবার

১৩ জুলাই লন্ডনে আইএফএ শিল্ড
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: মোহন বাগান, ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিংকে নিয়ে ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের উন্মাদনাও কম নয়। সেই আবেগকে পুঁজি করে বিদেশে থাকা কলকাতার তিন প্রধানের সমর্থকদের নিয়ে অষ্টম ইন্ডিয়ান ফ্যানস অ্যালায়েন্স (আইএফএ) শিল্ডের আনুষ্ঠানিক ঘোষণা হল শুক্রবার। টুর্নামেন্টটি হবে আগামী ১৩ জুলাই। খেলা হবে রেইনার্স লেন এফসি’র হোম গ্রাউন্ডে। উদ্যোক্তা হেরিটেজ বেঙ্গল গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, সমর্থকদের নিয়ে গড়া তিনটি দলকেই ক্লাবের মূল জার্সি দিচ্ছে মোহন বাগান, ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। এফএ স্বীকৃত এই কমিউনিটি লিগ ঘিরে লন্ডনে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের মধ্যে আগ্রহ তুঙ্গে। অন্যান্য বারের মতো এবারও প্রতিযোগিতাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম চালাচ্ছেন টুর্নামেন্ট ডিরেক্টর ধ্রুবজ্যোতি ঘোষ, প্রসূন মণ্ডল, স্যাম মুখার্জি এবং রাধা ধীমান গোস্বামী। তিন প্রধানের সমর্থকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি ট্রায়ালের মাধ্যমে তরুণ প্রতিভা অন্বেষণের পৃথক প্রোগ্রামও থাকছে। সে জন্য উপস্থিত থাকবেন ইন্ডিয়া খেলো ফুটবলের কর্তা ফণি ভূষণ, স্কাউট বিশেষজ্ঞ অরিত্র নন্দী। এছাড়াও থাকবেন অনন্ত রামকৃষ্ণান ও দেবজ্যোতি দাস।

Advertisement

লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ড হাউসে এদিন আইএফএ শিল্ডের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি সংবর্ধনা জানানো হয় প্রাক্তন ওলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার এবং প্রখ্যাত গায়ক সৌমেন অধিকারীকে। বিশেষ সম্মান জানানো হয় জয়দীপের ছেলে আদ্রিয়ানকেও। সম্প্রতি জুনিয়র বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জিতেছে আদ্রিয়ান। এদিনের অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন লন্ডন কর্পোরেশনের সংস্কৃতি ও পাঠাগার দপ্তরের চেয়ারম্যান মনসুর আলি। মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন গ্রেটার লন্ডন অথোরিটির সদস্য উন্মেষ দেশাই। এছাড়া এদিন হেরিটেজ বেঙ্গল গ্লোবালের ডিরেক্টর অনির্বাণ মুখোপাধ্যায় ও কলকাতা লন্ডন ক্লাবের প্রতিষ্ঠাতা ইমাম উল হকের মধ্যে শিক্ষা, ক্রীড়া ও বাণিজ্যের প্রসার সংক্রান্ত এক মউ চুক্তি স্বাক্ষরিত হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ