নয়াদিল্লি: ‘ডিলিমিটেশন বিল নিয়ে কিছু দল বিজেপিকে সমর্থন করছে। আমরা এই দলগুলিকে বলতে চাই, যদি ভারতের গণতন্ত্র ধ্বংসকারী অশুভ বিলটিকে পাশ করাতে বিজেপিকে সাহায্য করেন, তাহলে তরুণ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না।’ রবিবার এই ভাষাতেই বিরোধী দলগুলির একাংশকে হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি। দিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন ডেকেছিল ককরোচরা। সেখানে সিজেপির কো-কনভেনর সৌরভ দাস ডিলিমিটেশন বিলের তীব্র বিরোধিতা করে বলেন, ‘প্রথমে ওরা (বিজেপি) এসআইআর করে মানুষের ভোট কেড়ে নিয়েছে। এখন যদি ওরা ডিলিমিটেশন বিল পাশ করাতে পারে, তাহলে এক দেশ-এক নির্বাচন নিয়ে আসবে। যদি এক দেশ-এক নির্বাচন হয় তাহলে বিজেপিকে আর ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না। ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।’ সংসদে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে ককরোচরা। সৌরভ জানান, ভারতের জনসংখ্যার ৬০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নীচে। অথচ মাত্র ৫ শতাংশ সাংসদ এই বয়সসীমার মধ্যে পড়েন। বর্তমানে ৯০ শতাংশ সাংসদের বয়স ৪১ বছরের বেশি। তাই ককরোচ নেতার প্রশ্ন, ‘৫৪৩ জন সাংসদ নিয়েই যদি আপনারা তরুণদের সমস্যা মেটাতে না পারেন, তাহলে ৮৫০ জনকে নিয়ে পারবেন, তার গ্যারান্টি কী?’



