নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, বারুইপুর: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাম-কংগ্রেস জোট নিয়ে ফের অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হল। এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বিধানসভা নির্বাচনে একা লড়াই করার কথা বলেছিলেন। এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এসে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব অম্বা প্রসাদও সেকথা বলে গেলেন। যদিও সিপিএমের নেতৃত্ব এসব পাত্তা দিতে চাইছেন না। তাঁরা বলছেন, কংগ্রেস জোট করবে কি না সেটা ওদের ব্যাপার। এক রাজ্যস্তরের নেতা বলেন, ভোটের আগে অনেক হিসেব আবার পালটে যায়।
রবিবার বারুইপুরে ‘এক ব্যাক্তি এক ভোট’ সুরক্ষার দাবিতে ভোটাধিকার সম্মেলনে কী বলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা অম্বা প্রসাদ? ‘প্রতিটি বিধানসভায় একক শক্তিতে আমরা লড়ব। পরে যা হবে দেখা যাবে। তৃণমূল, সিপিএমসহ কারও সাহায্য ছাড়াই লড়ব।’ তিনি আরও বলেন, ‘ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষ কেন্দ্রের সরকারের সঙ্গে নেই। পুঁজিবাদীদের সাহায্যে দেশের সরকার চলছে। গদি চোর ভোট চোর কেন্দ্রের সরকার। বিহারে বাচ্চারা এই স্লোগান দিচ্ছে। আমরা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে, এটা মনে রাখতে হবে। বুথ শক্তিশালী করতে হবে। যাঁরা বুথে সংগঠন শক্তিশালী করবে তাঁদের দল খুঁজে নেবে।’ এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, মায়া ঘোষ প্রমুখ। অন্যদিকে, এই বিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘সর্বভারতীয় দল নিজেরা ঠিক করবে। ওরা যদি মনে করে একা লড়বে সেটা ওদের ব্যাপার। আমরা মনে করি, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে। কারও যদি অন্য মত থাকে তো আমরা কী করব!’
এর আগে শুভঙ্কর সরকার জোট বিষয়ে যে কথা বলেছিলেন, সর্বভারতীয় নেতৃত্বকেও সেই একই সুরে কথা বলতে শোনা গেল। দিল্লি আর বাংলা মিলে গেলে কি জোট আদৌ হবে? সেক্ষেত্রে বিধানসভায় খাতা খোলা কি বাম-কংগ্রেসের জন্য আবারও স্বপ্ন থেকে যাবে? এইসব প্রশ্ন আপাতত জিইয়ে থাকল।