রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর : মিথ্যাচারে এগিয়ে পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে মিথ্যাচার করে গিয়েছেন স্বয়ং সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার তিনি দাবি করেছিলেন, পুলওয়ামা কাণ্ডের পরে ভারতের সঙ্গে চার দিনের সংঘর্ষে জয় হয়েছিল পাকিস্তানের। পড়শি দেশের প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের মুখের উপরে কড়া জবাব দিল ভারত। রীতিমতো তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে। অপারেশন সিন্দুরের সময় ধ্বংস হওয়া পাক বিমানঘাঁটি ও সেনা পরিকাঠামোর ছবি অন্য কথা বলছে, কটাক্ষ ভারতের।
কয়েকদিন আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় পাকিস্তানকে তুলোধোনা করেছিল ভারত। সেদেশের মানবাধিকার ও অর্থনীতির বেহাল দশা নিয়ে তীক্ষ্ণ ভাষায় ইসলামাবাদকে বিঁধেছিল নয়াদিল্লি। সেবার পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছিলেন ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী। আর এদিন ব্যাটন ছিল পেটাল গেহলটের হাতে। যিনি রাষ্ট্রসংঘে ভারতীয় মিশনের ফার্স্ট সেক্রেটারি।
শুক্রবার পাক শাহবাজ দাবি করেছিলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি। এখন আমরা বিশ্বে আমাদের অংশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সমস্ত অমীমাংসিত ইস্যুতে ভারতের সঙ্গে সুসংহত এবং ফলাফল-ভিত্তিক আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত।’ শনিবার সাধারণ সভায় ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে ভারত। এবং সাথে সাথে পড়শি দেশকে বেআব্রু করে দেন ভারতীয় কূটনীতিক গেহলট। তিনি বলেন, ‘ওই সময় পাকিস্তানের বহু বিমানঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারতীয় বাহিনী। সেই ক্ষয়ক্ষতির ছবি মানুষের কাছে আছে। যদি ধ্বংস হয়ে যাওয়া রানওয়ে ও পুড়ে যাওয়া হ্যাঙ্গার দেখে পাক প্রধানমন্ত্রীর সাফল্য বা বিজয় হয়, তবে পাকিস্তান তা নিয়ে আনন্দ করুক।’