Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আক্রান্ত হলে পাশে থাকব’, মোদিকে বললেন ট্রাম্প

প্রায় ১৬ মাস পর মুখোমুখি সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

‘আক্রান্ত হলে পাশে থাকব’, মোদিকে বললেন ট্রাম্প
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: প্রায় ১৬ মাস পর মুখোমুখি সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মঙ্গলবার ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের মাঝেই বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান। সেখানে দু’দেশের বাণিজ্যচুক্তির পাশাপাশি নাবিকদের নিরাপত্তা, প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে আলোচনা পেয়েছে। গুরুত্ব পেয়েছে পেয়েছে জ্বালানি, বিরল খনিজ, আন্তর্জাতিক কূটনীতিও। 

Advertisement

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে শেষবার মুখোমুখি দেখা হয়েছিল মোদি-ট্রাম্পের। তারপর থেকে দু’দেশের সম্পর্কের ক্রমশ অবনতি রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক গুঁতোয় দুদেশের বাণিজ্যচুক্তি এখনো বিশ বাঁও জলে। মঙ্গলবার অবশ্য সেই চুক্তি নিয়ে আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দুর্দান্ত আলোচনা হয়েছে। দু’দেশের মধ্যে অনেক কিছু চলছে। ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আমেরিকা। ভারত আমেরিকায় বিপুল বিনিয়োগ করছে। আমরা তার প্রশংসা করি।’
অন্যদিকে হরমুজে ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে সম্প্রতি আমেরিকা-ভারত টানাপোড়েন চলছে। এদিনের বৈঠকে নাবিকদের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অবাধ নৌ-চলাচল নিশ্চিত হওয়া উচিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় নাবিকেরা পরিষেবা দিয়ে থাকেন। তাঁদের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। আমি মনে করি ইরানের সঙ্গে সমঝোতায় নাবিকদের নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে।’ অন্যদিকে তিন ভারতীয়র মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি সেটা শুনেছি। এটা খুবই কঠিন পেশা, আমরা সকলে মিলে এটা নিয়ে কাজ করছি। এর আগেও এই ধরনে ঘটনা ঘটেছে।’ পাশাপাশি ভারত আক্রান্ত হলেও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যদি ওঁদের উপর আক্রমণ হয়, আমরা সাহায্য করতে উপস্থিত থাকব।’ 
পাশাপাশি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘মোদি দেবদূতের মতো সুন্দর। তবে বাণিজ্যের ক্ষেত্রে উনি খুবই কঠোর।’ একাধিকবার নিজের ও মোদির বন্ধুত্বের প্রশংসাও করেন ট্রাম্প। মধ্যাহ্ন ভোজনের সময়ও ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করতে দেখা যায় ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি শান্ত, ঠান্ডা মাথার, দুর্দান্ত মানুষ। আমি কিন্তু তেমন নই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ