সংবাদদাতা, বনগাঁ: তৃণমূল জমানায় যাঁদের বিরুদ্ধে লড়াই করেছি, তাঁদেরকেই বিজেপিতে যারা শেল্টার দিচ্ছেন তাঁদের একজনকেও ছাড়ব না। নাম না করে দলীয় নেতৃত্বকেই নিশানা করলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রবিবার বনগাঁ নীলদর্পণ পেক্ষাগৃহে মিলন উৎসবে এসে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তৃণমূল জমানায় যাঁরা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছেন তাঁদের একজনকেও আমি ছাড়ব না। প্রত্যেককে গ্যারাজে ভরব (অ্যারেস্ট করব)। যতদিন না গ্যারাজে ভরতে পারছি রাজনীতি থেকে অবসর নেব না। এদিন সাংসদ দাবি করেন, অত্যাচারী তৃণমূল নেতাদের শেল্টার দিচ্ছেন দলেরই কিছু নেতা। তাঁদের উদ্দেশে বলেন, এঁদেরকে শেল্টার দিয়ে পকেটে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না। কে কতটা জলে নামছেন, ভিজছেন দেখতে পাচ্ছি। সকলে মিলে দলকে ক্ষমতায় এনেছেন। দলে সকলের প্রয়োজন আছে।
সম্প্রতি বনগাঁয় একাধিক অনুষ্ঠানে এসে নাম না করে রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়াকে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী। বিষয়টি দলের নেতা-কর্মীদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিনও নাম না করে দলের একাধিক নেতৃত্বকে নিশানা করেন সাংসদ শান্তনু ঠাকুর।
রবিবার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের পক্ষ থেকে মিলন উৎসবের আয়োজন করা হয়। সেখানে শান্তনু বলেন, আমাদের মধ্যেই কিছু মানুষ চাইছেন ক্ষমতাকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর হাতিয়ার চালাবেন। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। তিনি বলেন, সকলে মিলেমিশে থাকতে হবে। ভাগাভাগি, মারপিট হলে আগামীতে আপনাদের ভুগতে হবে। যত বড়ো নেতাই হোন মাটিতে পা রেখে চলতে হবে। এদিনের অনুষ্ঠান থেকেও পুলিশ প্রশাসনকেও কড়া বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। শান্তনু বলেন, প্রশাসন যেটা করছে দেখতে পাচ্ছি। কয়েকজন নেতার কথা শুনে কাজ করছে তারা। প্রশাসনকে আমি শিক্ষা দিয়ে দেব। নিজের বিধানসভা এলাকার এই দলীয় অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীকে দেখা যায়নি।



