ভোটে ডায়মন্ড কেন্দ্রেই দাঁড়াতে চাই: অভিষেক
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকেই প্রার্থী হতে ইচ্ছুক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইরকম ঘোষণাও করে দিলেন তিনি। শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, পার্টি সুযোগ দিলে আমি ফের ডায়মন্ডহারবারেই দাঁড়াব। 

Advertisement

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অভিষেক প্রার্থী হলে আগেরবার যত ভোটে জিতেছেন, সেই ভোটেই হারাবেন। এর পালটা অভিষেক বলেন, নির্বাচন কমিশনার পদে জ্ঞানেশ কুমার ক্ষমতায় আছেন বলেই কি তাঁর উপর এই আস্থা রাখছেন শুভেন্দু? তাহলে কি অঙ্ক কষে লিস্ট জমা দেওয়া হয়ে গিয়েছে? অভিষেক দাবি করেন, আগামী দিনে আমি ডায়মন্ডহারবার যাব ও কাঁথিতেও যাব। আর এতদিন হয়ে গেল—ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশকে ব্যবহার করেও আমার বিরুদ্ধে কিছু করতে পারেনি বিজেপি। আমি ওদের কাছে আত্মসমর্পণ করিনি। আর করবও না। আমি কোথাও পালাইনি। পশ্চিমবঙ্গে আছি, এখানেই থাকব। 
তাঁর সংযোজন—দেখি, আর কত মিথ্যা মামলা আমার বিরুদ্ধে ওরা দেয়। আর চোরবাগানের ঘটনায় ওঁরই ভাইপো ফেঁসে গিয়েছেন, তাই এখন আমাকে নিয়ে পড়েছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর উদ্দেশে অভিষেকের তির্যক মন্তব্য, আমি তো আসল তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারাজীবনই থাকব। কিন্তু শুভেন্দুবাবু হলফনামা দিয়ে রাজ্যবাসীকে জানান, সারাজীবন বিজেপিই করবেন, দল পরিবর্তন করবেন না। অন্যদিকে, বিভিন্ন নথি-তথ্য বাইরে চলে আসছে। গোপনীয়তা রক্ষায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক। তদন্তকারী সংস্থার তরফ থেকে কোনো তথ্য যাতে বাইরে না আসে, সেব্যাপারেই শীর্ষ আদালতের কাছে নির্দেশ দেওয়ার আরজি জানিয়েছেন তিনি।