নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইপ্যাক মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে ‘গুগলি’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানেকা গুরুস্বামী। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে ছিল শুনানি। সেখানেই আগের অবস্থান বদল করে মমতার আইনজীবী বললেন, ‘এই মামলায় ইডি তো সিবিআই তদন্তের দাবি করেছিল। এখন তো পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। রাজ্যে বিজেপিরই সরকার। কেন্দ্রেও তাই। তাহলে রাজ্য সরকার সিবিআইকে দিয়ে দিক। আমার মক্কেলের কোনো আপত্তি নেই।’ কিন্তু রাজ্যে এখন বিজেপির সরকার। তাই তার পুলিশকে দিয়ে তদন্তে ভরসা নেই, এটা সুপ্রিম কোর্টে জানিয়ে সিবিআই তদন্ত চাইলে যে অস্বস্তিতে পড়তে হবে, তা ধরে ফেলেন রাজ্যের আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। মানেকার বক্তব্য শুনে বিচারপতির বেঞ্চ যখন প্রায় সিবিআই তদন্ত হবে কি না, তা রাজ্যকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ লিখতে যাচ্ছে, তখন তুষার মেহতা বলেন, ‘না না। আমরা কোনো ফাঁদে পা দিতে চাই না। এই মামলায় শুনানি হোক। সুপ্রিম কোর্ট ঠিক করুক, কী হবে। কে তদন্ত করবে। তাছাড়া এই মামলা স্রেফ সিবিআই তদন্তর দাবির বিষয়ে সীমাবদ্ধ ছিল না। পদে থাকা কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি তদন্ত করতে পারে কি না, সে বিষয়টি সুপ্রিম কোর্টের নিশ্চিত করার কথা ছিল।’ পালটা গুরুস্বামী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এখন মুখ্যমন্ত্রী নন। তাহলে রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিক না। আপত্তি নেই।’ কিন্তু তা মানতে চাননি তুষার মেহতা। আগামী ২ সেপ্টেম্বর হবে পরবর্তী শুনানি। উল্লেখ্য, বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে গত ৮ জানুয়ারি কলকাতার দু’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই তল্লাশিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত রাজ্য পুলিশ নয়, সিবিআইকে দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ইডি।



