Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘মধ্যবিত্ত হিসেবে গর্ববোধ করি’

দূরদর্শন থেকে ওটিটি— এক দীর্ঘ সফর অভিনেতা রাজেশ তাইলাং-এর। একান্ত আড্ডায় অভিনয় জীবনের নানা কথা শেয়ার করলেন তিনি।

‘মধ্যবিত্ত হিসেবে গর্ববোধ করি’
  • ৩০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

দূরদর্শন থেকে ওটিটি— এক দীর্ঘ সফর অভিনেতা রাজেশ তাইলাং-এর। একান্ত আড্ডায় অভিনয় জীবনের নানা কথা শেয়ার করলেন তিনি।

Advertisement

• মধ্যবিত্তের গর্ব
জিফাইভে সম্প্রতি মুক্তি পেয়েছে রাজেশ অভিনীত কমেডি ড্রামাধর্মী সিরিজ ‘বকাইতি’। এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক মধ্যবিত্ত পরিবারের রোজনামচা, আর্থিক টানাপোড়েন, অসহায়তাকে কমেডির মোড়কে তুলে ধরা হয়েছে। রাজেশ বলেন, ‘শুধু আমার চরিত্র নয়, এই সিরিজে প্রতিটা চরিত্রের মধ্যে দিয়ে আমি আমার ফেলে আসা দিনগুলোতে আবার ফিরে গিয়েছিলাম। সব চরিত্র আমার খুব চেনা মনে হয়েছিল। মধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা। মধ্যবিত্ত পরিবারের লড়াই, যন্ত্রণা, অসহায়তা দেখে বড় হয়েছি। এখনও এসবের মধ্যে দিয়ে যাচ্ছি।’ অভিনেতা বলেন, ‘টাকা তো যায়, আসে। কিন্তু ‘মধ্যবিত্ত’ এক মানসিকতা। আর মধ্যবিত্ত হিসেবে আমি গর্ববোধ করি’।
• পরিবারের সমর্থন 
মধ্যবিত্ত হওয়ার কারণে ছোটবেলার অনেক ইচ্ছে পূরণ হয়নি রাজেশের। কিন্তু তাঁকে তাঁর পরিবার সেরা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান অভিনেতা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন। তাঁর কথায়, ‘সাংস্কৃতিক আবহে আমার বেড়ে ওঠা। ছোট থেকেই আমি অভিনেতা হতে চাইতাম। আর আমার স্বপ্ন পূরণ করার জন্য পরিবারের সকলে আমাকে সবরকম সাহায্য করেছেন। বাবা বলতেন খরচ কম কর না, রোজগার বাড়াও।’
• দীর্ঘ সফর 
দূরদর্শন থেকে ওটিটি এই দীর্ঘ অভিনয় জীবনে অনেক বদল দেখেছেন রাজেশ। তার সঙ্গে মানিয়ে নিলেন কীভাবে? অভিনেতা বলেন, ‘এখন পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা অনেক বেড়েছে। কর্পোরেট কালচার এসেছে, এতে লাভও হয়েছে। আগে আমাদের ৮ ঘণ্টার শিফট ছিল। এখন তা ১২ ঘণ্টার। একজন শিল্পীর জন্য এটা কষ্টকর। আমি মনে করি সৃজনশীল ক্ষেত্রে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়।’
• ওটিটি-র অবদান
অভিনেতা হিসেবে ওটিটি তাঁকে জনপ্রিয় করেছে বলে মনে করেন রাজেশ। স্পষ্ট বললেন, ‘ওটিটি আমাকে পরিচিতি দিয়েছে। অভিনেতা হিসেবে আমাকে অনেক কিছু অন্বেষণ করার সুযোগ দিয়েছে। ওটিটি  শুধু অভিনেতাদের নয়, পরিচালক, লেখক, কস্টিউম ডিজাইনার সহ আরও সকলকে নতুন কিছু করার সুযোগ এবং স্বাধীনতা দিয়েছে।’
• সবে শুরু 
অভিনেতা হিসেবে প্রতিদিনই নতুন করে শুরু করলেন বলে মনে করেন রাজেশ। ‘এখনও আমার অনেক কিছু করার বাকি আছে। সবেমাত্র শুরু করেছি। আবার এও মনে করি, আমি যা সুযোগ পেয়েছি, অনেকে তা পাননি। অথচ তাঁদের প্রতিভা আছে। নিজের অভিনয় জীবনকে আমি এই দুই ভাবে দেখি। একটা আমাকে অনুপ্রাণিত করে, আর অপরটা আমাকে সচল রাখে’, বলেন রাজেশ।


দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ