'এই দেশে থাকব না, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিন', এক ব্যক্তির আর্জি শুনে চোখ কপালে পুলিশের
  • ২ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭
Prefer us on Google

সংবদদাতা, ময়নাগুড়ি: রাত হলেই বাড়ির সামনে এসে হুমকি দিচ্ছে অজ্ঞাতপরিচয় কয়েকজন। আতঙ্কে আর এদেশে থাকতে চাইছেন না। শেষমেশ নিজের দেশে ফিরে যাওয়ার আর্জি নিয়ে সোজা থানার দ্বারস্থ হলেন এক ব্যক্তি। সোমবার জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র, জামাকাপড় একদম বগলদাবা করে ময়নাগুড়ি থানায় হাজির ওই ব্যক্তির কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান কর্তব্যরত পুলিশকর্মীরা। তাঁর দাবি, বাংলাদেশে ফিরে যেতে চান তিনি। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ইন্দ্র মোহন সরকার। তাঁর বাড়ি বাংলাদেশের গাজীপুরে। বছর দুয়েক আগে ভিসা নিয়ে ওই দেশ থেকে এদেশে এসেছিলেন তিনি। এরপর ময়নাগুড়ির আমগুড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করেন। সেখানেই জমিতে চাষাবদ করতেন তিনি।  পরিকল্পনা ছিল, এদেশে থেকে জমি-জায়গা কিনে পরে নিজের পরিবারকেও নিয়ে আসবেন। কিন্তু গত কয়েকদিন ধরে পরিস্থিতি বদলে গিয়েছে বলে দাবি তাঁর। অভিযোগ, রাত হলেই অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাঁর বাড়ির সামনে এসে হুমকি দিচ্ছে। কেন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে তা বুঝতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতে যথারীতি আতঙ্কে দিন কাটাচ্ছেন ইন্দ্র মোহন। তিনি জানান, বাংলাদেশে তাঁর দুই স্ত্রী রয়েছেন। আত্মীয়ের বাড়িতে এসে এখানে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে বাড়ির সামনে লোকজনের হুমকিতে আর নিরাপদ বোধ করছেন না। তাই বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইন্দ্র মোহনের আরও দাবি, এদেশে আসার জন্য নেওয়া ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফলে কীভাবে বৈধভাবে বাংলাদেশে ফিরবেন, তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি। সেই কারণেই প্রশাসনের সাহায্য চেয়ে ময়নাগুড়ি থানায় এসেছেন। তাঁর দেশে ফেরার আবেদন ঘিরে আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তাঁর সমস্ত কথা শুনে তদন্ত শুরু করেছে।