Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘আমার নিরাপত্তাহীনতা নেই’

সোনি লিভ-এ সম্প্রতি নাগেশ কুকুনূর পরিচালিত ‘দ্য হান্ট-দ্য রাজীব গান্ধী অ্যাসেসিনেশন কেস’ সিরিজে অমিতের অভিনয় প্রশংসিত নানা মহলে। ‘

‘আমার নিরাপত্তাহীনতা নেই’
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিনয় জীবনের নানা ওঠাপড়া নিয়ে আড্ডা দিলেন অভিনেতা অমিত সিয়াল।

Advertisement

পর্দার পিছনে 
সোনি লিভ-এ সম্প্রতি নাগেশ কুকুনূর পরিচালিত ‘দ্য হান্ট-দ্য রাজীব গান্ধী অ্যাসেসিনেশন কেস’ সিরিজে অমিতের অভিনয় প্রশংসিত নানা মহলে। ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’-এর প্রধান তদন্তকারী অফিসার ডিআর কার্তিকেয়ন-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রশংসা শুনলে সকলেরই ভালো লাগে। চিত্রনাট্যে খুঁটিনাটি সব বিষয়ই ছিল। তবে অনলাইনেও কার্তিকেয়নের বিষয়ে আমি নানা তথ্য পেয়েছিলাম। অনলাইনে কার্তিকেয়নের ভিডিও দেখে, সাক্ষাৎকার, খবর পড়ে নিজেকে ওঁর মতো তৈরি করে নিয়েছিলাম’— বললেন অভিনেতা।
বাস্তবের মতো
বাস্তব চরিত্রকে পর্দায় তুলে ধরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন অমিত। অভিনেতার কথায়, ‘প্রথমবার কোনও বাস্তব চরিত্রে অভিনয় করলাম। বাস্তব চরিত্রের ক্ষেত্রে চ্যালেঞ্জের পাশাপাশি দায়িত্বও চলে আসে।’
সাফল্য উদযাপন 
‘কেশরি ২’, ‘রেইড ২’, ‘দ্য হান্ট’-এর মতো সফল প্রোজেক্টের শরিক অমিত। তবে তাঁর কাছে সাফল্যের সংজ্ঞা আলাদা। তাঁর মতে, ‘অতীতে কী করেছি তা নিয়ে আমি ভাবি না। আমি মনে করি আমি আমার ভালোবাসার কাজ করতে পারছি। সেটা করে সংসার চালাতে পারছি। এর চেয়ে বড় সাফল্য আর কী হতে পারে।’ নানা প্রতিবন্ধকতা পার করে আজ সফল জীবনের কাহিনি লিখেছেন অমিত। এই সাফল্যের কৃতিত্ব কাকে দিতে চান? হেসে তিনি বলেন, ‘আমার পরিবার, আর যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের প্রত্যেককে। একটু নিজেকেও দিতে চাই। তবে জীবনে ভাগ্যের অনেক বড় হাত আছে। কিন্তু ভাগ্যের উপর ছেড়ে বসে থাকলে চলবে না, কাজ করে যেতে হবে’।
প্রত্যাশার চাপ
অমিতের মতো অভিনেতার কাছ থেকে প্রত্যাশা সবসময় বেশি থাকে। তিনি কি কোথাও প্রত্যাশার চাপ অনুভব করেন? অভিনেতার উত্তর, ‘আমি কাজ করে মজা পাই। আপনারা আমার কাজ দেখে আনন্দ পান। অভিনয় আমার কাজ। কাজকে চাপ হিসেবে নিলে তখন তা শুধু কাজ-ই মনে হবে।’
নিরাপত্তাহীনতা
অমিত জানালেন, জীবনে তিনি কখনও নিরাপত্তাহীনতায় ভোগেননি। ‘আমার কোনও নিরাপত্তাহীনতা নেই। নিজের কাজ সৎ ভাবে করলে নিরাপত্তাহীনতায় ভোগার কোনও প্রশ্নই নেই’, স্পষ্ট বললেন অভিনেতা।
ভালোবেসে রান্না 
অভিনয় ছাড়াও আরও একটা কাজ ভালোবেসে করেন অমিত। অভিনেতা না হলে নাকি শেফ হতেন তিনি। ‘রান্না একটা শিল্প। আমি মাঝে মাঝে রান্না করি। মটন কোর্মা ভালো বানাই। রণদীপ হুডাকে অনেক কিছু রেঁধে খাইয়েছি। অভিনয় না করলে পেশাদার ভাবে রান্না করতাম’, বললেন অভিনেতা।
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

 

Advertisement
সম্পর্কিত সংবাদ