নীল আলতার অভিনব সাজে চমক দিলেন অভিনেত্রী মনামী ঘোষ। নেপথ্য কারণ কী? আড্ডায় জানালেন নায়িকা।
নীল আলতার অভিনব সাজে চমক দিলেন অভিনেত্রী মনামী ঘোষ। নেপথ্য কারণ কী? আড্ডায় জানালেন নায়িকা।
• দর্শকের জন্য কোনও চমক আসছে নাকি?
ঠিক দু’বছর আগে আমার মিউজিক ভিডিও ‘আইলো উমা বাড়িতে’ রিলিজ করেছিল। তার সাফল্য ভাষায় প্রকাশ করতে পারব না। গত বছর কোনও পুজোর গান তৈরি করিনি। এ বছর আবার আমাদের প্রযোজনা সংস্থা ‘ভিটামিন এম এন্টারটেনমেন্ট’-এর তরফে মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছি। সেটাতে বড় চমক থাকবে। ‘এম মিউজিক’ও লঞ্চ হল।
• আপনার নীল আলতার এই অভিনব সাজের কারণ কী?
আমরা তো সব সময় লাল আলতা পরি। তার বাইরে কিছু ছকভাঙা সাজ সাজতে ইচ্ছে হল। তাই নীল আলতা বেছে নিলাম। এই নীল আলতার সাজের সঙ্গে আমার পরবর্তী কাজের যোগ রয়েছে।
• অনেকেই আপনাকে বাংলার ‘উরফি জাভেদ’ বলেন। অভিনব সাজের আইডিয়া আসে কীভাবে?
হাহাহা... এইসব আইডিয়া আমার মাথা থেকেই আসে। আমার মাথাতে এরকম আরও অনেক ইউনিক আইডিয়া আছে। অভিনব সাজের জন্য আমাকে ফলো করতে পারেন।
• আপনার হাতে কাজের সংখ্যা সীমিত কেন?
পছন্দ মতো কাজ এলে আমি করতে রাজি। ঈশ্বরকে বলি, আমি যেন সুস্থ থাকি। তবেই তো কাজ করতে পারব।
• ‘পদাতিক’-এর সাফল্যের পরেও ছবির অফার আসেনি?
চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আমি বেশ কিছু জিনিস মাথায় রাখি। কোনও সময় কোন পরিচালক আবার কোনও সময় কোন প্রযোজনা সংস্থা— সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার যে মিউজিক্যাল ফিল্মটা আসছে, তেমন কাজের অফার আমি পাই না সব সময়। তাই কাজ করা হয়ে ওঠে না। আমি নিজেকে যেভাবে দেখতে চাই সেই রকম কাজের অফার পাই না।
• আপনার বয়স যেন উল্টোদিকে হাঁটছে! রহস্যটা কী?
আমার জীবন নিয়মে বাঁধা। আগে মনে করতাম যে, এ ব্যাপারে আমি ঈশ্বরের আশীর্বাদধন্য। কিন্তু এখন ধারণা বদলেছে। নিজেকে মেনটেন করার সংজ্ঞা সকলের কাছে আলাদা। আমি আমার মতো করে চেষ্টা করি, যাতে জীবন আরও সুন্দর হয়। এর নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম।
পূর্বাশা দাস