দেবারতি ভট্টাচার্য ,মুম্বই: আপনার মধ্যে গোয়েন্দা সত্তা রয়েছে?
দেবারতি ভট্টাচার্য ,মুম্বই: আপনার মধ্যে গোয়েন্দা সত্তা রয়েছে?
ছোট থেকেই আমি গোয়েন্দা গল্পের পোকা। আমি অভিনেতার চেয়ে নিজেকে বেশি গোয়েন্দা বলে মনে করি (সশব্দে হেসে)। চুপচাপ বসে মানুষকে পর্যবেক্ষণ করতে ভালোবাসি। পেশাদার গোয়েন্দা না হলেও আমাকে অনায়াসে ভুয়ো গোয়েন্দা বলতেই পারেন (হাসি)।
জি ফাইভে কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘ডিটেক্টিভ শেরগিল’ ছবিটি বেছে নিয়েছিলেন কেন?
গল্পের জন্য। আমার চরিত্রও গোয়েন্দার। এমন চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।
ওটিটি বিনোদন দুনিয়ায় অনেক বদল এনেছে, আপনি এই বদলকে কীভাবে দেখেন?
ওটিটি সকলের জন্য অফুরান সুযোগ নিয়ে এসেছে। অভিনেতা থেকে চিত্রনির্মাতা— সকলকেই ওটিটি সুযোগ দিচ্ছে। শুধুমাত্র বড় ছবি থিয়েটারে মুক্তি পায়। ছোট এবং মাঝারি ছবিগুলো সেভাবে সুযোগ পেত না। এখন এইসব ছবি ওটিটি-তে মুক্তি পাচ্ছে। এই প্ল্যাটফর্মে মানুষ নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করার এবং ঝুঁকি নেওয়ার সুযোগ পাচ্ছেন। সকলে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন।
আপনি প্রতিযোগিতায় বিশ্বাসী?
নিজের কাজ ভালো ভাবে করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটা কাজে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করি। আগে যে ভুল করেছি, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে খেয়াল রাখি। প্রতিটা মানুষের ব্যক্তিত্ব আলাদা। তাই অন্য কারও সঙ্গে প্রতিযোগিতার মানে হয় না। আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে সকলের জন্য জায়গা রয়েছে। প্রত্যেকে নিজের মতো করে উন্নতি করার সুযোগ পাবেন।
অভিনেত্রী হিসেবে আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চান?
জীবন খুবই অনিশ্চিত। আমরা কেউ জানি না আমাদের জন্য কী অপেক্ষা করছে। তাই আমি খুব বেশি পরিকল্পনা করতে চাই না। আমি বর্তমানে বিশ্বাসী। জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর করে বাঁচা জরুরি।
কোন ঘরানার ছবিতে আগামী দিনে কাজ করতে চান?
আমি অ্যাকশন ছবির ভক্ত। নিজেকে ভরপুর অ্যাকশন ঘরানার ছবিতে দেখতে চাই। যে কোনও ধরনের স্টান্ট করতেও আমি প্রস্তুত।