Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘আমি খুন করেছি, কোনও অনুতাপ নেই’, স্বীকারোক্তি বিজেপি নেতা ব্রিজভূষণের, কটাক্ষ তৃণমূলের

‘আমার হাতে শুধুমাত্র একটি খুন হয়েছে। চোখের সামনে আমার বন্ধুকে গুলি করা হয়েছিল। ওই দুষ্কৃতী আমার দিকেও বন্দুক তাক করেছিল। সেইসময় গুলি চালাই।

‘আমি খুন করেছি, কোনও অনুতাপ নেই’, স্বীকারোক্তি বিজেপি নেতা ব্রিজভূষণের, কটাক্ষ তৃণমূলের
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ‘আমার হাতে শুধুমাত্র একটি খুন হয়েছে। চোখের সামনে আমার বন্ধুকে গুলি করা হয়েছিল। ওই দুষ্কৃতী আমার দিকেও বন্দুক তাক করেছিল। সেইসময় গুলি চালাই। একে আত্মরক্ষা বলতে পারেন কিংবা বন্ধুর খুনের বদলা।’ চোখে-মুখে অনুতাপের কোনো চিহ্ন নেই। আঙুল উঁচিয়ে এমনই ‘স্বীকারোক্তি’ উত্তরপ্রদেশের গোন্ডার প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এনিয়ে বিস্তারিত জানিয়েছেন মহিলা কুস্তিগিরদের যৌননিগ্রহে অভিযুক্ত এই বিজেপি নেতা। তবে খুনের জন্য তাঁর কোনো আপশোস নেই। সাংবাদিকের প্রশ্নের উত্তরে রীতিমতো বুক বাজিয়ে জবাব, ‘ওই ঘটনায় গুলি চালানোর একটা মামলা হয়েছিল। দুই তরফেই মৃত্যু হয়েছিল। তাই মামলাটা টেকেনি। তবে এই খুনের জন্য কোনও অনুশোচনা নেই। কেউ যদি আমার পরিবারের সদস্য, বন্ধুকে মেরে ফেলে, আমি কি তাকে ছেড়ে দেব’? বিষয়টি সামনে আসার পরই সরব হয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বক্তব্য, ‘নরেন্দ্র মোদি আপনি খুনি, যৌন নিগ্রহকারীদের আড়াল করে চলেছেন। মনে রাখবেন, গোটা দেশ কিন্তু দেখছে।’

Advertisement

ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার উপর ছড়ি ঘোরানো থেকে শুরু করে মহিলা কুস্তিগিরদের যৌননিগ্রহের অভিযোগ রয়েছে। বিরোধীদের কথায়, সব জেনেও শুরু থেকে তাঁকে আড়াল করে গিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। এনিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে ব্রিজভূষণের জবাব, ‘ওই নিগ্রহের ঘটনাটি যখন ঘটে, তখন আমি সার্বিয়ায়। আমার নামে ভুলভাল কথা ছড়ানো হয়েছিল। এখন ওরা সাক্ষী দিতে আসছে না কেন? কেন শুধু তারিখের পর তারিখ চাইছে?’ এখানেই শেষ নয়। ভিনেশ ফোগাট প্রসঙ্গে তাঁর মন্তব্য, ও তো বেইমানি করে ওলিম্পিক্সে গিয়েছিল। ভগবান তাঁর সঙ্গেই বেইমানি করেছে।
প্রকাশ্যে বিজেপি নেতার এহেন মন্তব্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, ‘প্রকাশ্যে বিজেপি নেতা খুন করার কথা বলছেন। এই নেতার বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। অথচ তাঁর ছেলে করণ ভূষণ সিংকে লোকসভায় পাঠানো হয়েছে। এটাই বিজেপি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ