নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হরিয়ানার পর এবার বাংলাতে চালানো হতে পারে হাইড্রোজেন ট্রেন। ইতিমধ্যেই বাংলায় এই ট্রেনের সম্ভাব্য রুট নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে রেলমন্ত্রক। সরকারি সূত্রে এখবর জানানো হয়েছে। জানা যাচ্ছে, আগামী দিনে হাইড্রোজেন ট্রেনের গতিও বাড়তে চলেছে। এই মুহূর্তে একমাত্র হাইড্রোজেন ট্রেনটি চলে ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে। তা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত করা হতে পারে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই এব্যাপারে ট্রায়াল রান হয়েছে। তাতে সাফল্যও মিলেছে।
উল্লেখ্য, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটি চালানো হয় গত ১৭ জুলাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানার সোনিপত থেকে জিন্দ রুটে এই ট্রেনের উদ্বোধন করেন। বর্তমানে এটি ৮৯ কিলোমিটার অংশে চলাচল করে। রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে বাংলায় হাইড্রোজেন ট্রেন চালানোর ক্ষেত্রে এমনই স্বল্প দূরত্বের কোনো রুটকে বেছে নেওয়ার চেষ্টা চলছে। সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরত্বের কোনো রুটেই বাংলায় প্রথম হাইড্রোজেন ট্রেন চালাতে তৎপর হয়েছে রেল বোর্ড। জানা যাচ্ছে, উচ্চ গতির যে হাইড্রোজেন ট্রেন চালানোর ব্যাপারে ট্রায়াল রান হয়েছে, তা চলেছে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে। বিকল্প জ্বালানিতে চলা ওই ট্রেনের তাতে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেছেন রেলমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
সেইমতোই স্থির হয়েছে যে, আগামীতে হাইড্রোজেন ট্রেনের গতি বাড়িয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার করা হবে। বাংলায় এই ট্রেন ঘণ্টায় ১০০ কিমির বেশি গতিতেই চলবে। উল্লেখ্য, এই বিকল্প জ্বালানির ট্রেনে কোনো দূষণ তৈরি হয় না। নিয়মিতভাবে এর ব্যবহার শুরু হলে পেট্রল, ডিজেলের বড়ো অংশই সাশ্রয় করা সম্ভব হবে। তবে এই বিকল্প জ্বালানিতে দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেন চালাতে আরও কতদিন অপেক্ষা করতে হবে, তা নিয়ে অবশ্য বোর্ডের আধিকারিকদের কাছে কোনো স্পষ্ট জবাব এখনো পর্যন্ত নেই।