Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাসেন ও কিষানের দাপটে শীর্ষে হায়দরাবাদ, তৃতীয় হার পাঞ্জাবের

টানা সাত ম্যাচ অপরাজিত। তার মধ্যে ৬টিতে জয়। আইপিএলের প্রথম পর্ব শেষেই কার্যত প্লে-অফের পথে পা বাড়িয়ে রেখেছিল পাঞ্জাব কিংস। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব বিভাগেই অপ্রতিরোধ্য দেখাচ্ছিল প্রীতি জিন্টার দলকে।

ক্লাসেন ও কিষানের দাপটে শীর্ষে হায়দরাবাদ, তৃতীয় হার পাঞ্জাবের
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: টানা সাত ম্যাচ অপরাজিত। তার মধ্যে ৬টিতে জয়। আইপিএলের প্রথম পর্ব শেষেই কার্যত প্লে-অফের পথে পা বাড়িয়ে রেখেছিল পাঞ্জাব কিংস। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব বিভাগেই অপ্রতিরোধ্য দেখাচ্ছিল প্রীতি জিন্টার দলকে। তবে হঠাৎই ছন্দপতন। পরের তিনটি ম্যাচে টানা হার। তার জেরে খোয়াতে হল শীর্ষস্থান। বুধবার ঘরের মাঠে শ্রেয়স আয়ারদের ৩৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে উঠে এল হায়দরাবাদ। টস হেরে ব্যাট করতে নেমে সানরাইজার্স চার উইকেটে তুলল ২৩৫। জবাবে ২০২-৭ রানেই থামে পাঞ্জাব। ৫৯ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেললেও দলকে জেতাতে ব্যর্থ কুপার কনোলি। ১১ ম্যাচে ১৪ পয়েন্টে পৌঁছলেন ঈশান কিষানরা। আর ১০ ম্যচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নামল পাঞ্জাব। উল্লেখ্য, মাত্র ৩৬ বছরে বয়সে বুধবার প্রয়াত হয়েছেন পাঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার আমনপ্রীত সিং লিগ। তাঁকে শ্রদ্ধা জানাতে এদিন ম্যাচে কালো ব্যাচ পরে খেলেন শ্রেয়সরা।

Advertisement

উপ্পলে আরও একবার ঝড় তুলল হায়দরাবাদ ব্যাটাররা। অভিষেক (১৩ বলে ৩৫), কিষান (৩২ বলে ৫৫), ক্লাসেন (৪৩ বলে ৬৯) ছাড়াও ভরসা জোগালেন ট্রাভিস হেড (১৯ বলে ৩৮), নীতীশ রেড্ডি (১৩ বলে অপরাজিত ২৯)। সম্মিলিত প্রচেষ্টাতেই এই নিয়ে গত চার ম্যাচের তিনটিতেই প্রথমে নেমে দুশো প্লাস রানে পৌঁছায় তারা। শুধু তাই নয়, অরেঞ্জ ক্যাপের লড়াইটা এখন দুই সতীর্থের। বুধবার লোকেশ রাহুলকে (৪৪৫) টপকে এর মালিক হলেন অভিষেক শর্মা (৪৭৫)। তবে তা কিছুক্ষণের জন্যই। হায়দরাবাদেরই হেনরিখ ক্লাসেন (৪৯৪) টপকে গেলেন তাঁকে। এই দৌড়ে রয়েছেন আরও এক কমলা জার্সিধারী ঈশান কিষান (৪০৯)।
জবাবে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় পাঞ্জাব। দ্রুত ডাগ-আউটে ফেরেন প্রিয়াংশ আর্য (১), প্রভসিমরন সিং (৩) ও ক্যাপ্টেন শ্রেয়স আয়ার (৫)। কুপার কনোলি একপ্রান্ত থেকে লড়াই চালালেন। মার্কাস স্টোইনিস (২৮), সূর্যাংশ শেরগে (২৫) ও মার্কো জানসেন (১৯) কিছুটা  চেষ্টা দেখালেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স দু’টি উইকেট নেন।

সম্পর্কিত সংবাদ