Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানের অনুপস্থিতিতে অফিস সামলাচ্ছেন স্বামী, ছবি ভাইরাল রানিতলার সরলপুর পঞ্চায়েতে শোরগোল

রানিতলা থানার সরলপুর পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধান অফিসে অনুপস্থিত। অথচ, অফিসে প্রধানের চেয়ারের পাশে বসে সইসাবুদ করছেন তাঁর স্বামী।

প্রধানের অনুপস্থিতিতে অফিস সামলাচ্ছেন স্বামী, ছবি ভাইরাল  রানিতলার সরলপুর পঞ্চায়েতে শোরগোল
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: রানিতলা থানার সরলপুর পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধান অফিসে অনুপস্থিত। অথচ, অফিসে প্রধানের চেয়ারের পাশে বসে সইসাবুদ করছেন তাঁর স্বামী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। যদিও ‘বর্তমান’ ওই ছবির সত্যতা যাচাই করেনি। ঘটনায় পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। যদিও শাসক শিবিরের তরফে সমস্তটাই বিরোধীদের অপপ্রচার ও চক্রান্ত বলে দাবি করা হয়েছে।

Advertisement

ভগবানগোলা-২ বিডিও অনির্বাণ সাহু বলেন, ওই বিষয়ে আমাকে কেউ কিছু জানাননি। তবে, ওইদিন প্রধানের স্বামী ও তাঁর জামাইকে কয়েকজন মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি।

রানিতলা থানার তৃণমূল পরিচালিত সরলপুর পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, হাসিনার অনুপস্থিতিতে তাঁর স্বামী প্রধানের কাজ সামলাচ্ছেন। অভিযোগ, ওইদিন নানা প্রয়োজনে সরলপুর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন বাসিন্দা প্রধানের কাছে গিয়েছিলেন। হাসিনার স্বামী নিজেকে প্রধান পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে নিয়ে আসা প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছিলেন। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ইমতিয়াজ আহমেদ বলেন, একটা বিষয় নিয়ে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলাম। সঙ্গে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সেলিমুদ্দিন শেখ ছিলেন। ইঞ্জিনিয়ারের চেম্বার থেকে প্রধানের ঘর হয়ে বাইরে বের হয়ে আসতে হয়। বের হওয়ার সময় দেখি, প্রধানের টেবিলের সামনে বেশ কয়েকজন মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকের হাতেই কাগজপত্র ছিল। প্রধানের চেয়ারের পাশে তাঁর স্বামী বসে ছিলেন। উনি প্রধানের হয়ে স্বাক্ষর করছেন। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করি। তখন প্রধানের স্বামী গালিগালাজ শুরু করেন। তারপর অফিস থেকে বেরিয়ে যান।

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, তৃণমূল নেতারা স্ত্রী, বোন বা আত্মীয়াকে প্রধানের চেয়ারে বসিয়ে নিজেরা পঞ্চায়েতে ছড়ি ঘোরাচ্ছে। সব লুটেপুটে খাচ্ছে। বিধানসভা নির্বাচনে ভোটবাক্সে মানুষ এর জবাব দেবে।

হাসিনা বিবি বলেন, ওইদিন বিরোধী দলের কিছু দুষ্কৃতী আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিল। আমার স্বামী মাইনুল হক বিষয়টি জানার পরেই প্রতিবাদ করেন। আর তাতেই মিথ্যা অভিযোগ করছে। ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার বলেন, রানিতলায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তাই ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করতে এসব নোংরা খেলায় নেমেছে। মানুষ বিরোধীদের ষড়যন্ত্রে পা দেবে না। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ