নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাড়ির ভিতর থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর দেহ। স্থানীয়দের দাবি, সন্দেহের বশে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন গৃহকর্তা। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ভিতর দু’টি ঘরে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারাকপুরের মোহনপুর থানার অধীন শিউলি গ্রাম পঞ্চায়েতের সূর্যপুরে। ৪৮ বছর বয়সি স্ত্রী পিপাসা মণ্ডলের দেহে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। গলার নলি কাটা অবস্থায় তাঁর দেহ পড়েছিল। পাশের ঘর থেকে পেশায় রাজমিস্ত্রি স্বামী নিবারণ মণ্ডলের (৫১) দেহ গামছা দিয়ে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন নিবারণ। পুলিস জানিয়েছে, দম্পতির মেয়ে সোমা মণ্ডল বৈবাহিক সূত্রে থাকেন মুর্শিদাবাদে। প্রায় প্রতিদিনই নিয়ম করে ফোনে মা-বাবার খোঁজ নিতেন মেয়ে। এদিন মাকে বারবার ফোন করেও না পেয়ে প্রতিবেশী পূজা মণ্ডলকে ফোনে বলেন, বাড়িতে গিয়ে খোঁজ নিতে। তিনি গিয়ে দেখেন, দুটি মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনার জেরে রীতিমতো হইচই পড়ে যায়। খবর দেওয়া হয় মোহনপুর থানায়। পুলিস দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতির মধ্যে মনোমালিন্য লেগেই ছিল। তবে কী নিয়ে অশান্তি হতো, সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেনি। বুধবার রাতেও স্বামী স্ত্রী’র মধ্যে অশান্তি হয়। বারাকপুরের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করি। গলার নলি কাটা ছিল। শরীরের অন্য অংশেও ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। ঝুলন্ত অবস্থায় শোয়ার ঘর থেকে স্বামীর মৃতদেহ উদ্ধার করা হয়। গামছা গলায় দিয়ে তিনি গলায় ফাঁস দিয়েছিলেন। প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন। ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে। ঘর দুটি সিল করে দেওয়া হয়েছে।’ খুন এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। গোটা এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে।



