Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীর মাথায় শাবল মেরে খুন, গ্রেপ্তার স্বামী

স্ত্রীর মাথায় শাবল মেরে খুন, গ্রেপ্তার স্বামী
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে শাবল দিয়ে মাথায় মেরে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম উন্নতি বিশ্বাস (৪৫)। অভিযুক্ত স্বামী সুনীল বিশ্বাসকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিস। রবিবার ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার গঙ্গানন্দপুরে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। রবিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। তখন রান্না করছিলেন উন্নতি। সেই সময় স্বামী সুনীল শাবল দিয়ে তাঁর মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন উন্নতি। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দিদিকে খুন করা হয়েছে দাবি করে জামাইবাবুর বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ করেছেন মৃতার ভাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সোমবার অভিযুক্ত স্বামীকে বনগাঁ আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, আদালত অভিযুক্তকে ৪ দিনের পুলিস হেফাজতে পাঠিয়েছে। ধৃতের ভাইপো সঞ্জিত বিশ্বাস বলেন, কাকা কাকিমার মধ্যে ঝামেলা হচ্ছিল। সেই সময় কাকা ভারী কিছু দিয়ে কাকিমার মাথায় আঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে কাকিমার মৃত্যু হয়। জানা গিয়েছে, দম্পতির দুই ছেলে। একজন কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। ছোট ছেলেকে নিয়ে থাকতেন তাঁরা। স্থানীয় বাসিন্দা গৌরব ঘোষ বলেন, ‘দু’জনের মধ্যে ঝামেলা হতো মাঝেমধ্যে। কিন্তু এভাবে মর্মান্তিক ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ