স্ত্রীর লিভ-ইন সঙ্গীকে ডেকে এনে খুন, গ্রেপ্তার স্বামী, দুর্গানগরের ঘটনায় ফেরার আরও এক
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ত্রী পাড়ারই এক তরুণের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। একথা জেনে গিয়েছিল স্বামী। এরপর ওই তরুণকে ডেকে পাঠিয়ে ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারে সে ও তার এক বন্ধু। তার জেরে প্রাণ যায় ওই যুবকের। ওই মহিলার স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বারাসত জিআরপি। ধৃতের নাম বিশ্বজিৎ বারুই। ৮ নভেম্বর রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে দুর্গানগর ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে রেললাইনের উপর। জানা গিয়েছে, ঘটনার সময় রাজু সর্দার নামের আরও এক যুবক ছিল তার সঙ্গে। সেই রাজু এখন পলাতক। মহিলার লিভ-ইন সঙ্গী কমল মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  রেল পুলিশ সূত্রে খবর, কয়েকমাস আগে সবজি ব্যবসায়ী কমলের সঙ্গে ওই এলাকারই এক গৃহবধূর সম্পর্ক গড়ে ওঠে। দু’জনে বিভিন্ন জায়গায় দেখা করতেন। পরিচয় জমে ওঠার পর গৃহবধূ তাঁর স্বামীকে ছেড়ে কমলের সঙ্গে লিভ-ইন করতে শুরু করেন। তাঁর স্বামী বিষয়টি জানার পর ফোন করে স্ত্রীকে। কিন্তু তিনি ফোন ধরতেন না বলে অভিযোগ। বিশ্বজিৎ বেশ কয়েকবার কমলের বাড়িতেও গিয়েছিল। কিন্তু তাকে পাত্তা দেননি স্ত্রী। বিশ্বজিতের মনে ক্ষোভ জন্মাতে থাকে। তিনি এক বন্ধুকে বলে, যেভাবেই হোক স্ত্রীকে কমলের হাত থেকে ফিরিয়ে আনতে হবে। এরপর দু’জনে কমলকে খুন করার পরিকল্পনা করে। সেইমতো কালীপুজোর রাতে স্ত্রীর প্রেমিককে আলোচনার জন্য ডেকে পাঠায় বিশ্বজিৎ। তাঁকে দমদম ক্যান্টনমেন্ট ও দুর্গানগরের স্টেশনের মাঝে আসতে বলা হয়। তিনি সেখানে হাজির হলে তাঁকে রেললাইনের মাঝে নিয়ে যাওয়া হয়। এরপর কমলকে প্রথমে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারে রাজু। বিশ্বজিৎও তাঁর বুক, পেট লক্ষ্য করে একাধিক আঘাত করে বলে অভিযোগ। সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে ফেলে পালায় দু’জন। রেল পুলিশের কাছে খবর আসে, লাইনের মাঝে এক তরুণের দেহ পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় ওই তরুণের বাড়িতে। তাঁর পরিবারের তরফে বারাসত জিআরপিতে খুনের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে রেল পুলিশ জানতে পারে, দু’জন এই খুনে জ঩ড়িত। এরপর গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎকে। তাকে জেরা করে রাজুর খোঁজ চলছে।

Advertisement