সংবাদদাতা, রাজগঞ্জ: এসআইআর আবহে রাজগঞ্জ বিডিও অফিসের পিছনে জঙ্গলে মিলল শয়ে শয়ে ভোটার কার্ড। কে বা কারা এপিক কার্ডগুলি ফেলে গিয়েছে, তা নিয়ে রহস্য দানা বাঁধে। বিডিও অফিসে আসা লোকজনই প্রথমে ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখেন। তাঁরা বিডিও অফিসের কর্মীদের খবর দেন।
যদিও বিডিও অফিস চত্বরে জঙ্গলে ভোটার কার্ড উদ্ধার নিয়ে জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন জানিয়েছেন, ওসব পুরনো ভোটার কার্ড। নষ্ট করে দেওয়া হবে। রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল বলেন, যে ভোটার কার্ডগুলি জঙ্গলে পাওয়া গিয়েছে, সেগুলি বেশ কয়েক বছর আগের। ওই কার্ড নিয়ে ভোটারদের নতুন কার্ড দেওয়া হয়েছে। পুরনো কার্ডগুলি ব্লক প্রশাসনের কাছে ছিল। সম্ভবত কার্ডগুলি গোডাউনে রাখা ছিল। গোডাউনটি এখন পরিষ্কার করা হচ্ছে। সেকারণে হয়তো কোনওভাবে পুরনো কার্ডগুলি বাইরে এসেছে। তবে এটা ঠিক, আগেই ওসব নষ্ট করে দেওয়া উচিত ছিল।
যদিও এসব কেন নষ্ট না করে ফেলে দেওয়া হল তা নিয়ে তদন্তের দাবি উঠছে। তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, এত ভোটার কার্ড কী করে জঙ্গলে পড়ে থাকে, এটা চিন্তার বিষয়। নিশ্চয় প্রশাসনের কোনও গাফিলতি ছিল। তবে বিজেপির রাজগঞ্জ ব্লক কনভেনার তথা পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই মণ্ডল বলেন, এসআইআরের কাজ চলছে। সেই কারণে ভিনদেশিরা গ্রাম ছাড়ছেন। প্রশাসনের কর্তারা যতই যুক্তি দেওয়ার চেষ্টা করুন না কেন, ওই ভোটার কার্ডগুলি ভুয়ো কি না তার তদন্ত হওয়া উচিত। নিজস্ব চিত্র