


নিজস্ব প্রতিনিধি, পিড়াকাটা: শুক্রবার রথের দিন পিড়াকাটা বাজার দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো হল। তা ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এবছর দুর্গাপুজোয় তাদের থিম ‘অপারেশন সিন্দুর’। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি-হামলা ও ভারতীয় সেনার পাল্টা অভিযানে পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি নিকেশ করে দেওয়ার ঘটনাই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। রথযাত্রার দিনে বর্ণাঢ্য খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্যরা।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাওবাদী আতঙ্কে একসময় কার্যত পুজো বন্ধ হতে বসেছিল। বর্তমানে এলাকায় ফিরে এসেছে শান্তি। বেশ কয়েক বছর ধরে কমিটির সদস্যরা থিমের পুজো করছেন। প্রতিবার তারা চমক দেয়। এদিন বিধায়ক বলেন, খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত। দারুণ থিম বেছে নেওয়া হয়েছে।পুজো কমিটির সম্পাদক তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল ধল বলেন, যুদ্ধ শেষে শান্তির বার্তা দেওয়া হবে মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে।
পুজো কমিটির সভাপতি প্রবীর সাউ বলেন, মণ্ডপ তথা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি হচ্ছে।
পুজোর কমিটি সূত্রে জানা গিয়েছে, পুজোর বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। প্যান্ডেল, আলোকসজ্জা ও অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে কাশ্মীরের পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। একই সঙ্গে ভারতীয় সেনার পাল্টা অভিযানের প্রতিটি মুহূর্ত থাকবে। আকাশে উড়বে রাফাল, সুখোই। দেখানো হবে এস-৪০০ ডিফেন্স সিস্টেম। পাশাপাশি কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর সাংবাদিক বৈঠকও উঠে আসবে মণ্ডপ সজ্জায়।
পুজো কমিটির কোষাধ্যক্ষ গৌতম দাস বলেন, পুজোর সময় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্নকূট, রক্তদান ও বস্ত্রদান শিবিরের আয়োজন করা হবে।
পুজো কমিটির অন্যতম সদস্যা কাকলি সাহা, সোমা পলমল বলেন, গত কয়েক বছর ধরেই মণ্ডপ, প্রতিমা অথবা থিমের বিচারে জেলার অন্যতম সেরা পুজো হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। ২০২৩ ও ২০২৪ সালে বিশ্ববাংলা শারদ সম্মানও মিলেছে। আশা করছি, এবারও আমাদের থিম সকলের মন জয় করবে।-নিজস্ব চিত্র