Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় বান্ধবীকে আটক করল পুলিস

হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় বান্ধবীকে আটক করল পুলিস
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: ঘোলার হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বান্ধবীকে আটক করল পুলিস। মৃত্যু রহস্যের কিনারা করতে মঙ্গলবার বিকেলে পুলিস ওই যুবতীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পুলিস জানিয়েছে, রবিবার রাতে ঠিক কী ঘটেছিল, কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা জানার চেষ্টা চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে ঘোলা থানা এলাকার কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এক হোটেল থেকে বাবলু মণ্ডলের (৩৫) দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তাঁর বাড়ি মোহনপুর থানার চককাঁঠালিয়া এলাকায়। পুলিস তদন্তে নেমে জেনেছে, বাবলু ওই হোটেলে রবিবার এসে উঠেছিলেন। সঙ্গে ছিল তাঁর বান্ধবী। তাঁর বাড়িও বাবলুদের পাড়ায়। তাঁরা এর আগেও একাধিকবার একসঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে থেকেছেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, এই যুগল দু’দিনের জন্য রুম বুক করেছিলেন। কিন্তু সোমবার সকালে ওই যুবতী চুপি চুপি হোটেল থেকে বেরিয়ে যান। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় এবং দুপুরে খাবারের অর্ডার না দেওয়ায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। তাঁরা রুমের বাইরে থেকে ডাকাডাকি করলেও সাড়াশব্দ পাওয়া যায় না। পরে রুমে ঢুকে তাঁরা বাবলু মণ্ডলের অচেতন দেহ উদ্ধার করে। হোটেলের ওই ঘর থেকে খালি মদের বোতল ও বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গিয়েছে। পুলিস ওই যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় ডেকে পাঠায়। কিন্তু মঙ্গলবার বিকেল পর্যন্ত যুবতী না আসায় তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে যুবকের। শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে ওই যুবতী যে রবিবার রাতে বাবলুর সঙ্গেই ছিল, তা জানা গিয়েছে। ওই রাতে তাঁরা কী খাবার খেয়েছিলেন, মাদক নিয়েছিলেন কি না, কোনও ওষুধ খেয়েছিলেন কি না, তা জানার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ